নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার সড়ক, মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট। গরুবাহী গাড়ির ধীরগতি এবং ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত চার কিলোমিটার সড়কজুড়ে দেখা দেয় ঢাকামুখী যানজট। তবে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বিপরীতমুখী যানচলাচল।
অন্যদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকার উভয় দিকেই অন্তত তিন কিলোমিটার পর্যন্ত দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘলাইন। যানজট রয়েছে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো, আশুলিয়া ও জামগড়া এলাকায়।
এ ব্যাপারে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেল শেখ জানান, বুধবার দুপুরের পর সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। গরুবাহী ট্রাকের ধীরগতির কারণে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড পয়েন্টে বৃষ্টির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানেও যানজট দেখা দিয়েছে। এসব পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কাজ করে যাচ্ছে।
সহকারী পুলিশ সুপার আরো জানান, বুধবার দুপুরের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোষশাক কারখানাগুলোতে ছুটি শুরু হয়। রাজধানীর ঘরমুখো মানুষের সঙ্গে যুক্ত হয়েছে পোশাক শ্রমিকদের বহর। তাই বিকেলের পর যানজট আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

