নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার মাদ্রাসাছাত্র মাহফুজ আহমেদ হত্যা মামলায় একজনের মুত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদ মিয়া মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মোস্তফা হোসেন, সানাউল্লাহ মিয়া, দুলাল মিয়া, জয়নাল মিয়া, জাকির হোসেন, সিয়াম মিয়া ও তৌহিদ মিয়া।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের সাত্তার মিয়ার ছেলে ও বড়চাপা করম আলী সিনিয়র দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মাহফুজ আহমেদকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে একই এলাকার ফরিদ মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
আদালত আসামিদের উপস্থিতিতে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে একজনকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

