রাজশাহী প্রতিনিধি : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাত নির্মাণ শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার রাতে তারা ঈদ করার উদ্দেশ্যে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথেই এ দুর্ঘটনা ঘটে।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকেরা হলেন- পুঠিয়া উপজেলার কাজীপাড়া গ্রামের সোহেল রানা (২৬), লালমনিরহাটের জামিরবাড়ি এলাকার মনিরুজ্জামান (৩৫) ও জামাল (৩২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সতেররশিয়া চামা গ্রামের তিন ভাই সোহেল (২২), রাসেল (২৪), আরিফ (২৬) এবং ওই তিন সহোদরের ফুপাতো ভাই একই এলাকার সোহেল (১৮)।
অসুস্থদের মধ্যে রাসেল জানান, তারা সবাই নির্মাণ শ্রমিক। ঢাকায় কাজ শেষে ঈদ করার উদ্দেশ্যে নিজ বাড়িতে ফিরছিলেন। টাঙ্গাইল এলাকায় তারা সবাই পানি পান করেন। এরপরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে অল্প পানি পান করার জন্য তিনি অসুস্থ হলেও জ্ঞান হারাননি।
পথে ট্রাকটি কাটাখালি পুলিশ ফাঁড়ির কাছে আসলে তিনি কোনোমতে চালককে ডেকে ট্রাক থামিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলেন। পরে পুলিশ ট্রাক থেকে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে বলেও জানান রাসেল।

