নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের নিয়ে কাউন্সিলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।
সেখানে বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য পদ ঘোষণা করা হবে।
একটি সূত্রে জানা গেছে, বার কাউন্সিলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন নব নির্বাচিত সদস্যরা। বৈঠকে এ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান কে হবেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনিই হবেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই আইনজীবী। সেই হিসেবে তারই কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান হওয়ার কথা।
এ ব্যাপারে বাসেত মজুমদারও আশা প্রকাশ করে বলেছেন, আমি এ বারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছি। আশা করছি এবার নির্বাচিত সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এ পদে দায়িত্ব গ্রহণের ব্যাপারে সিনিয়র দুই আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের নাম শোনা যাচ্ছে নির্বাচনের পর থেকেই। কিন্তু এম. আমীর উল ইসলামের কম ভোট পাওয়ার বিষয়টি তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আমীরুল ইসলাম ভাইস চেয়ারম্যান হতে না পারলে শেষ পর্যন্ত তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রায়। মোট ১৪টি পদের ১১টিতেই তারা জয় পেয়েছে। বাকী ৩টিতে পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল।
বার কাউন্সিলের সাধারণ আসনের সাত ও গ্রুপ আসনের সাত জন মিলে নির্বাচিত ১৪ জনের মধ্য থেকেই নির্বাচিত হবেন একজন ভাইস চেয়ারম্যান।
পদাধিকার বলে এ সংস্থার চেয়ারম্যান থাকবেন অ্যাটর্নি জেনারেল। এবারের নির্বাচনে সরকার সমর্থক প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের মধ্য থেকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তবে সম্ভাব্য দুজনের নাম এখন আলোচনায় রয়েছে।
জানা গেছে, এবার নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পরিষদের আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী বলছেন, ভোটের দিক বিবেচনায় আব্দুল বাসেত মজুমদারই বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য।
অন্যদিকে একই প্যানেলের নির্বাচিত সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলামকেও কেউ কেউ ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তবে সমন্বয় পরিষদের বিজয়ী সদস্যরা বলছেন, এ প্যানেলের এই দু’জন জ্যেষ্ঠ আইনজীবীর মধ্য থেকেই নির্বাচিত হবেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
এই প্রতিষ্ঠানের নির্বাচনে অংশ নেয়া সংখ্যাগরিষ্ঠদের মধ্যে থেকেই সমঝোতার ভিত্তিতে ভাইস চেয়ারম্যান মনোনীত হয়ে থাকে। এবারও বিজয়ীদের মধ্যে এই সমঝোতা নিয়ে বেশ তোড়জোড় চলছে বলে বিভিন্ন সূত্রে জানা জানায়। সমঝোতা করতে ব্যর্থ হলে ভোটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর কমিটির প্রথম সভায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য কমিটির দায়িত্বশীলরা নির্বাচিত হবেন। তিনি বলেন, সে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে কে হবেন এ পদের কান্ডারি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীপন্থি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেন, সিনিয়র আইনীজবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এর আগেও একবার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার আমীর-উল ইসলামও করেছেন। সে দৃষ্টিতে কে হবেন এ পদের অধিকারী তা বলা কঠিন। তবে, ভোটের দিক থেকে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এ পদে দায়িত্ব পাওয়ার দাবিদার।

