চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সরজন জোড়া পাইকরতলায় একটি কালভার্ট ভেঙে অ্যাম্বুলেন্স খাদে পড়ে চালক আবেদ আলী (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কোয়াটার পাড়ার মৃত আব্দুল ওয়াহেবের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার রাতে রোগী নামিয়ে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সরজন জোড়া পাইকরতলায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় প্রবল বৃষ্টির তোড়ে কালভার্ট ভেঙে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়। এ সময় চালক আবেদ আলী ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। সদর হাসাপাতালের মর্গে তার লাশ রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ১২ ফিটের কালভার্টটি ভেঙে যাবার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সড়ক ও জনপদের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, কালভার্টটি মেরামতের জন্য তাদের লোকজন ঘটনাস্থলে গেছে।

