সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোরিকশার চালক ফুল চাঁদ (৫৫), পাবনা আশুতোষপুর থানা এলাকার তিন যাত্রী বাচ্চু (২২), আলমগীর (২৫) ও বিপ্লব (২৩)। তবে অপর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে আহতদের মধ্যে চালক ফুল চাঁদ মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন যাত্রী মারা যান।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

