মাদারীপুর প্রতিনিধি : বৈরী আবহাওয়ার ফলে রোববার সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।
ঝড়ো হাওয়ার কারণে নৌরুটে চলাচলকারী ডাম্প ফেরি সকাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য ফেরি চললেও পদ্মা উত্তাল থাকায় পারাপার হতে সমস্যা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে পদ্মা পার হতে।
এদিকে, কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক পণ্যবাহী পরিবহন। তবে কোরবানির গরুবাহী ট্রাক পারাপারে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে ঘাট সূত্র জানায়।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বৈরী আবহাওয়া বিরাজ করায় সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
দীর্ঘদিন পর ফেরি চলাচলের রুট সচল হলেও রোববার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় সকল ফেরি চলাচল করতে পারছে না। এদিকে লঞ্চ ও স্পিডবোট চললেও তা সীমিত আকারে চলছে। তবে সকালে কিছু সময়ের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ছিল বলে ঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়া চৌধুরী জানান, সকাল থেকে ডাম্প ফেরি চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে একটি ফেরি মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

