নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ডাকাত দলের ২৩ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম কলাবাগান, গুলিস্তান, যাত্রাবাড়ী ও হাতিরঝিলে এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এসব কথা জানান।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে অনেক সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্র সক্রিয় রয়েছে। এক একটি চক্র এক একটি কৌশলে কাজ করে। এই চক্রের সদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে ডাব, শরবত, কোমল পানীয় অথবা চায়ের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে যাত্রী ও সিএনজি চালকদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে সব লুটে নেয়। এরা মূলত টার্গেট হিসেবে সিএনজি চালক, বাস যাত্রী ও কোরবানীর ঈদ উপলক্ষে গরু ব্যবসায়ীদের বেছে নিচ্ছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কলাবাগানের আন্তঃ জেলা হানিফ বাস কাউন্টারের সামনে থেকে অজ্ঞান পার্টির একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল। তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১৪ টি চেতনানাশক ট্যাবলেট, ৫ টি মানিব্যাগ ও ৬টি ব্লেড উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের অপর একটি টিম গুলিস্তানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নিয়ামুল শরীফ আহাম্মেদ, মো. আল আমিন, মো. কবির আকন, কালু মিয়া, মো. সাদ্দাম, মো. আলমগীর হোসেন, মো. আলম ওরফে শাহআলম, মো. হাফিজ মিয়া ওরফে টুকু ও মো. বিল্লাল বেপারী। এ সময় তাদের কাছ থেকে মোস্তাকিম নামে একজন ভিকটিম উদ্ধারসহ ১০০টি নেশাজাতীয় এটিভেন-২ ট্যাবলেট ও ১টি চুরি করা সিএনজি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, এই চক্রটি ৪/৫ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। তাদের প্রতিটি গ্রুপে ২০/২৫ জন সদস্য থাকে। এর আগেও একাধিকবার পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়েছিল।
এছাড়া গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ির সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকা থেকে অজ্ঞান পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন, মো. সোহেল, মো. সাইফুল ও মো. রকিব। এ সময় তাদের কাছ থেকে ১০টি মিলাম ট্যাবলেট, ৪০টি নকটিন ট্যাবলেট ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার: এদিকে রমনার হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ের ঝিলের পাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোক্তার হোসেন, মো. সোহেল, মো. মাসুম, মো. আরেফিন মো. লূৎফর রহমান ও মো. আতিয়ার রহমান। এ সময় তাদের কাছ থেকে ২টি স্টিলের ধারালো চাপাতি, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তা শেখ নাজমুল আলম বলেন, চক্রটি মগবাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। চক্রটি ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে।

