পাঞ্জেরী ডেস্ক : বায়ু দূষণের কারণে প্রতিবছর সারা পৃথিবীতে ৩৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে তথ্য উঠে এসেছে একটি গবেষণা প্রতিবেদনে। বিস্ময়কর হলেও ওই প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, কালো ধোঁয়া ও ধোঁয়াশা তৈরিতে কৃষিকাজের বড় একটা ভূমিকা রয়েছে।
বায়ু দূষণের কারণ কী- এ বিষয়টাকে সামনে রেখে জার্মানি, সাইপ্রাস, সৌদি আরব এবং হার্ভার্ড ইউনিভার্সিটিরি বিজ্ঞানীরা বায়ু দূষণের হারের বিশদ হিসাব-নিকাশ করেছেন। গবেষণার আরো বলা হচ্ছে, এই ধারায় যদি পরিবর্তন না আসে তবে ২০৫০ সাল নাগাদ বায়ু দূষণের কারণে বার্ষিক মৃত্যুর হার বেড়ে ৬৬ লাখে দাঁড়াবে।
গেল বুধবার বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনের প্রধান লেখক জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইন্সটিটিউট ফর কেমিস্ট্রির জস লেলিভেল্দ বলছেন, বায়ু দূষণের কারণে মৃত্যুগুলোর তিন-চতুর্থাংশ হচ্ছে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মাধ্যমে।
এইচআইভি ও ম্যালেরিয়ার কারণে যত মানুষের মৃত্যু হয় তার বায়ু দূষণের কারণে তারচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানিয়েছেন জস।
বায়ু দূষণের কারণে প্রতিবছর ১৪ লাখ মানুষ মারা যাচ্ছে চীনে। এরপরের অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। এ দেশ দুটিতে প্রতিবছর মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬ লাখ ৪৫ হাজার ও ১ লাখ ১০ হাজার।
এই প্রতিবেদনে অস্বাভাবিক যে তথ্যটি উঠে এসেছে তা হলো- বায়ু দূষণের কারণে মৃত্যুগুলোর মধ্যে ১৬ হাজার ২২১টির জন্য দায়ী কৃষিকাজ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে- যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে, গোটা ইউরোপে, রাশিয়ায়, জাপানে এবং দক্ষিণ কোরিয়ায় বায়ু দূষণের কারণে মৃত্যুর সবচেয়ে বড় কারণ কৃষিকাজ।
জসের মতে, কৃষিকাজের প্রধান সমস্যা হলো পশুবর্জ্য এবং সার থেকে সৃষ্ট অ্যামোনিয়া।

