স্পোর্টস ডেস্ক : গত সাত মৌসুম ধরে নিজেদের মধ্যে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও এই দুজনের কারো হাতেই উঠবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ব্যালন ডি’অর। যদিও এবার মর্যাদার এই অ্যাওয়ার্ড জয়ে রোনালদোর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন মেসি।
তবে জুভেন্টাস স্ট্রাইকার আলভেরো মোরাতার কথা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। জুভেন্তাসের এই স্প্যানিশ ফরোয়ার্ডের বিশ্বাস, তার ক্লাব সতীর্থ জিয়ানলুইজি বুফন ব্যালন ডি’অরের যোগ্যতা রাখেন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গত মঙ্গলবার বুফনের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করে গত আসরের ফাইনালিস্ট জুভেন্তাস। ম্যাচ শেষে জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলো বুফনকে ইতিহাসের সেরা গোলরক্ষক হিসেবে অভিহিত করেন।
৩৭ বছর বয়সে তো অন্যান্য খেলোয়াড়রা বুটজোড়া তোলে রেখে নতুন জীবনে মন দেন। তবে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এই বয়সেও রয়েছেন দুর্দান্ত ছন্দে। গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঘরোয়া ফুটবলে জুভেন্তাসকে ডাবলস (সিরি আ ও ইতালিয়ান কাপ) জেতান বুফন। এছাড়া গোলপোস্টের এই অতন্দ্র প্রহরীর কল্যাণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উত্তীর্ণ হয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
বুফনের ক্লাব সতীর্থ আলভেরো মোরাতার কোনো সন্দেহ নেই যে, এই অভিজ্ঞ গোলরক্ষক ২০১৫ সালের ব্যালন ডি’অর পাওয়ার অন্যতম যোগ্য দাবিদার। মোরাতা বলেন, ‘জিজি এটার (ব্যালন ডি’অর) যোগ্য দাবিদার। এটি অনেক দুঃখজনক যে গোলরক্ষকরা শুধু ‘গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ড’ লাভ করে থাকেন। এটি আমার জন্য সম্মানের যে আমি তার সঙ্গে এবং তার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি।’
জুভেন্তাসের আরেক তারকা পল পগবাও আগামীতে ব্যালন ডি’অর পাওয়ার অন্যতম যোগ্য দাবিদার হয়ে উঠবেন বলেই বোদ্ধাদের ধারণা। নিজের ক্লাব সতীর্থের এই সম্ভাবনা নিয়েও কোনো সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আলভেরো মোরাতার। মোরাতা বলেন, ‘পলেরও (পগবা) এটি সামর্থ্য আছে। আমরা সবাই তার যোগ্যতা ও সামর্থ্যের ব্যাপারে অবহিত আছি। যদি সে এটি পেতে চায় তবে সে পেতে পারে।’
ইতালিয়ান লিগে টানা তিনটি ম্যাচে জয়হীন থাকার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পায় জুভেন্তাস। সেদিন দলের হয়ে জয়সুচক গোলটি করা মোরাতা জানিয়েছেন, তার দল চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স লিগেও অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
আলভেরো মোরাতা বলেন, ‘আমরা একটি ইউনিট হিসেবে খেলে এবং একে অন্যের গতিবিধি বোঝে বিশ্বমানের একটি দলকে হারিয়েছি। এখন আমাদের সেটি লিগ ম্যাচে জিনোয়া’র বিপক্ষেও অব্যাহত রাখতে হবে।’

