নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে টঙ্গির চেরাগআলী পযর্ন্ত সড়কে কোনো ট্রাফিক সিগন্যাল থাকবে না। এ সড়কটির যানজট দূর করতে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বনানী-কাকলী, এয়ারপোর্ট, উত্তরার জসিম উদ্দিন সড়ক ও আব্দুল্লাহপুরের ট্রাফিক মোড়ে চারটি ইউলুপ নির্মাণ করা হবে। পরবর্তীতে গুলশান-১, হাতিরঝিলের সাতরাস্তা রোড, বিজয় সরণি ও সোনারগাঁও মোড়ে আরো বেশ কয়েকটি ইউলুপ স্থাপন করা হবে। অল্প কয়েক দিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। এটি বাস্তবায়ন হলে মোড়ে মোড়ে আর ট্রাফিক পুলিশের প্রয়োজন হবে না।
শনিবার বেলা ১১টায় স্থানগুলো পরিদর্শনে এসে উত্তরার জসিম উদ্দিন রোডে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
তিনি বলেন, ‘এ সড়কটির ট্রাফিক সমস্যা প্রকট। এতে যানজট এতো ভয়াবহ যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রাফিক সিগন্যাল পার হওয়া যায় না। আমরা এরই মধ্যে যানজট দূর করতে কাজে হাত দিয়েছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরবাসীকে দীর্ঘক্ষণ যাটজটে আটকে থাকতে হবে না।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে হাতে নেয়া প্রকল্পটির সফলতা পাওয়া গেলে পরবর্তীতে সোনারগাঁও মোড়, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান-১ ও ২ এলাকার সংযোগ সড়কগুলোতে ইউলুপ স্থাপন করা হবে। সফলতা পাওয়া না গেলে আবার আগের জায়গায় আমরা ফিরে যাবো।’
মেয়র বলেন, ‘উন্নত দেশেও এ ধরণের ইউপুল রয়েছে। প্রকল্পে বেশি অর্থ খবর হবে না। প্রকৌশলীরা আমরাদের ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট ৫০ শতাংশ কমে যাবে। এটি বাস্তবায়ন হলে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের প্রয়োজন হবে না।’
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, উত্তরার জসিম উদ্দিন সড়ক মোডে ইউলুপ স্থাপন করা হলে পাশের ফুটপাতের ১০ থেকে ১২ গাছ কাটা যাবে। স্থানটিতে ডিপিডিসির বিদ্যুতের থামও স্থানান্তর করতে হবে।
মেয়র বলেন, ‘আমরা বহু আগে কাজ শুরু করেছি। গত তিন মাস ধরে এ প্রকল্পটি যাচাই বাছাই করার জন্য আমাদের প্রকৌশলীরা প্রাণপণ কাজ করে গেছেন। এয়ারপোর্টের সামনে ইউলুপ স্থাপন করলে ফুটপাত থাকবে না। এজন্য ওই এলাকার উপর দিয়ে একটি ফুটওভার ব্রিজ করে দেয়া হবে।’যানজট দূর করতে আগামী কয়েম বছরের মধ্যে আরও কিছু প্রকল্প হাতে নেয়া হবে বলেও জানান মেয়র আনিসুল হক।
এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল গাজী ফিরোজ রহমান, প্রকল্প পরিচালনক কামরুল আহসান ও ডিএমপির ট্রাফিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

