নিজস্ব প্রতিবেদক : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজ হয়েছে বলে জানিয়েছে ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থী। পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। তবে এতে করে প্রতিযোগিতা বাড়বে।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে আসা জান্নাতুল ফেরদৌস নামে এক পরীক্ষার্থী বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে। তবে এতে করে নিজেকে উত্তীর্ণের কাতারে নিয়ে আসা কঠিন হয়ে যায়। কারণ সবাই ভালো করে। তবুও ইনশাল্লাহ চান্স হবে।’
জান্নাতুল ফেরদৌস ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কেন্দ্র থেকে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রক্টর অফিস থেকে বলা হয়েছে কোনো প্রকার অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
একই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোচিং সেন্টারগুলো আগে থেকে বন্ধ করে দেয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে এবার প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা ঘটেনি।’
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এসেই কলা ভবনের মূল ফটকে দাঁড়িয়ে কেন্দ্রের খোঁজ খবর নেন। এরপর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলে সেখান থেকে তিনি চলে যান।
মেডিকেল ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অসুবিধা হবে বলে কেন্দ্রে এসেও হল পরিদর্শন করেননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কেউ গেলে তাদের মনযোগ নষ্ট হতে পারে।’
এ বছর ২৩টি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ট্রিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ১১ হাজার ৯৯ আসনের জন্য এবার ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন ৮৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়ে ২৩ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নূন্যতম ৪০ নম্বর পেয়ে উর্ত্তীণ হতে হবে।

