তথ্যপ্রযুক্তি ডেস্ক : রোগ নির্ণয়ের জন্য স্টেথস্কোপ বেশ কাজের। এটি চিকিৎসকদের কাজ সহজ করে দিচ্ছে। চিকিৎসকদের গলায় ঝুলে থাকা স্টেথস্কোপ যন্ত্রটি এখনো চিকিৎসাশাস্ত্রের অন্যতম মৌলিক যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আপনি চাইলে যন্ত্রটির বিকল্প যন্ত্র ঘরেই তৈরি করতে পারবেন। এজন্য লাগবে সামান্য কিছু উপকরণ।
ঘরে তৈরি স্টেথস্কোপ দিয়ে অন্যদের হার্ট রেট মনিটরিং করতে পারবেন। আসুন জেনে নেই কি করে তৈরি করবেন স্টেথস্কোপ। তবে এটি নিয়ে আপনি কখনোই চিকিৎসক বনে যেতে পারবেন না। কেবল মাত্র আনন্দ উপভোগ করার জন্যই এটি তৈরি করা।
যা যা লাগবে
একটি বেলুন
নমনীয় এক টুকরো পাইপ
দুইটি ছোট ফানেল
কাঁচি
একটি টাইমার
রাবার ব্যান্ড (অপশনাল)
ক্যালকুলেটর (অপশনাল)
কিভাবে করবেন
ভেতরে ফাঁক আছে এমন নমনীয় পাইপের দুই মাথায় ফানেলের চিকন প্রান্ত যুক্ত করুন। ফু দিয়ে বেলুন ফোলান। তারপর বেলুন থেকে কিছুটা বাতাস বের করে দিন। এবার বেলুনের ওপরের অংশ থেকে অনেকটা কেটে বাদ দিন। বেলুনের চার ভাগের তিন ভাগ কাঁচি দিয়ে কাটতে হবে। এবার বেলুনের কেটে ফেলা বড় অংশ একটা ফানেলের ওপরের অংশে জুড়ে দিন। ফানেলের সঙ্গে বেলুন জুড়ে দেয়ার জন্য রাবার ব্যান্ড কিংবা টেপ ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল স্টেথস্কোপ।
এবার আপনার কোনো বন্ধুকে বিছানায় শুইয়ে দিয়ে তার বুকের বামপাশে হৃৎপিন্ড শনাক্ত করুন। এবার বেলুন লাগানো ফানেলটি আপনার বন্ধুর হৃৎপিন্ড বরবার চামড়ার ওপর চেপে রেখে অন্য ফানেলটি আপনার কানে লাগান। কি বন্ধুর হৃৎস্পন্দন শুনতে পাচ্ছেন তো?

