গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারে সাতটি ইউনিটের অধীনে ২০টি বিভাগে মোট এক হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো- এ, বি, সি, ডি, ই, এফ এবং জি। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর। সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর। ই, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আবেদনকারীরা আগামী ১ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবে।
এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- গণিত, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিসংখ্যান। সি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, কৃষি।
ডি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- ইংরেজি ও বাংলা, ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, এফ ইউনিটের অধীনে ম্যানেজমেন্ট স্টাডিস, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং জি ইউনিটের অধীনে হলো- আইন।

