তথ্যপ্রযুক্তি ডেস্ক : হ্যান্ডসেট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কারণে তথ্য হারিয়ে যাওয়া রোধ করতে ‘রবি ক্লাউড’ নামে অনলাইন তথ্য সংরক্ষণ সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এ সেবার মাধ্যমে রবি গ্রাহকরা ছবি, গান, ভিডিও ও গুরুত্বপূর্ণ ফাইলসমূহ সংরক্ষণ করতে পারবেন।
দেশে রবিই প্রথম সার্বিক তথ্য সংরক্ষণের এমন ব্যবস্থা চালু করল। ফলে মোবাইল ফোনের তথ্য সংরক্ষণের জন্য প্রতিদিনের ভোগান্তি থেকে রক্ষা পেল গ্রাহকরা।
রবি’র ক্লাউড সেবার মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় যেকেনো স্থান থেকে ১৫ গিগাবাইট পর্যন্ত ছবি, ভিডিও, গান, ফাইল, প্রেজেন্টেশন ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন।
রবি ক্লাউড একটি ব্যক্তিগত ফাইল আর্কাইভ যা নিরাপদ ক্লাউড সেবা প্রদান করবে। হ্যান্ডসেট হারানোর পাশাপাশি তথ্য হারানোর আশঙ্কা পুরোপুরি দূর করবে এই সেবাটি।
গ্রাহকরা রবি ক্লাউড থেকে সরাসরি লিঙ্কের মাধ্যমে যেকোনো ফাইল অন্যের সাথে শেয়ার করতে পারবেন। যে কোন সময় যে কোন স্থান থেকে সেই আপলোলেড ফাইলগুলো ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সব ধরণের ডিভাইস থেকে ক্লাউডে রাখা ফাইলগুলোতে প্রবেশ করা যাবে।
অক্টোবর ১১ পর্যন্ত প্রমোশনটি চলাকালীন প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা রবি ক্লাউড সেবার মাধ্যমে ১৫ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন। ডায়মন্ড গ্রাহকরা ১২ গিগাবাইট এবং নতুন গ্রাহকসহ ধন্যবাদ কর্মসূচির আওতায় থাকা বাকী গ্রাহকরা ১০ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন।
গ্রাহকরা CAT লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় তার অবস্থান জানতে পারবেন।
রবি ক্লাউড সার্ভিসটি এখনwww.cloud.robi.com.bd সাইটে পাওয়া যাবে। ‘রবি ক্লাউড’ অ্যাপটিও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং যে কোন অ্যানড্রয়েড ফোনে তা ব্যবহার করা যাবে।

