নিজস্ব প্রতিবেদক : মামলার সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। একটি অকার্যকর রেখে একটি রাখা হয়েছে। কিন্তু যখনি মামলা তদন্ত শেষে বিচারের জন্য আসবে অর্থাৎ কাজের পরিধি বাড়বে তখন প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হবে।
মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালের একটি সম্প্রতি বন্ধ করে দেয়ার ব্যাপারে ব্যাখা দিতে গিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল বন্ধ করা হবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রায়ালে একটি মামলা আছে, আর চার্জগঠন হয়েছে ৫টির। মোট ৬টি মামলা বিচার পর্যায়ে রয়েছে।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আইন করার সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে।’
বিচারপিতি শামসুদ্দিন চৌধুরী মানিকের চিঠির বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করব না। তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। রাষ্ট্রপতি হয়তো এর জবাব দেবেন।’
বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল কিংবা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমরা মাননীয় বিচারপতিদের অনুরোধ করবো, যাতে রায়ের কপি তাড়াতাড়ি পাওয়া যায়।’

