স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচ শেষে তিন হার ও সমান একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে চেলসি। সর্বশেষ দুটি লিগ ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যাকাবি তেল আবিবকে ৪-০ গোলে হারিয়ে সেই চেলসিই দুর্দান্ত শুরু করেছে। দলের এমন অসাধারণ জয়ের পর কৌতুকের ছলে চেলসি কোচ হোসে মরিনহো জানান, জয়ের অনুভূতি কেমন তা তিনি ভুলে গেছেন।
প্রিমিয়ার লিগের বাজে পারফরম্যান্সের পর বুধবার খেলার শুরুতেই ধাক্কা খায় চেলসি। খেলার মাত্র ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। তবে উইলিয়ান, অস্কার, দিয়েগো কস্তা ও সেস ফ্যাব্রেগাসের গোলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
ম্যাচ শেষে কৌতুক করে হোসে মরিনহো বলেন, ‘আমি (জয়ের) অনুভূতি ভুলে গেছি। দীর্ঘদিন ধরে আমরা জয় পাচ্ছি না। সুতরাং, এটি দারুণ এক অনুভূতি।’
প্রিমিয়ার লিগের ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে বসেন এডেন হ্যাজার্ড। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার চাপের মধ্যে থাকা চেলসির যেন কঠিন এক পরীক্ষাই হয়ে গেল।
এই বিষয়ে মরিনহো বলেন, ‘শুরুতেই আমরা পেনাল্টি মিস করেছি, এটি আমাদের জন্য একটি বড় পরীক্ষা ছিল। কেননা, যখন সব কিছুই আপনার বিপক্ষে যাবে- লাল কার্ড, পেনাল্টি, রেফারির সিদ্ধান্ত, ভাগ্য, ইনজুরি এবং আপনি এমন এক ম্যাচে মাঠে নামবেন যেখানে জয়টা আপনার অবশ্যই দরকার, আর আপনি পেনাল্টি মিস করে বসেছেন। আমি মনে করি, এটি টিমের জন্য বড় একটা পরীক্ষা হয়ে গেল।’
দারুণ এক জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করার পর শনিবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে মনোযোগ দিতে পারবে হোসে মরিনহো চেলসি। বড় জয়ে চেলসি চনমনে থাকলেও বিপরীত মেরুতে দাঁড়িয়ে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্বল দল ডায়নামো জাগরেবের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস তলানিতে আর্সেনালের।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিন ইংলিশ জায়ান্ট আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি হেরে বসেছে। একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে হোসে মরিনহোর চেলসি। তবে তার মানে এই নয় যে, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হারে হোসে মরিনহো খুশি।
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বলেন, ‘না, আমি খুশি নই। আমি মনে করি, এটি দুঃখজনক। আমি এটিতে (আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হার) সন্তুষ্ট নই। আমি চাই সিটি, ইউনাইটেড, আর্সেনাল প্রিমিয়ার লিগে হারুক। আমি চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারতে দেখতে চাই না। দিন দিন ইংলিশ দলগুলোর জন্য চ্যাম্পিয়ন্স লিগে সফল হওয়া কঠিন হয়ে যাচ্ছে। আপনি চার ম্যাচ থেকে যখন ১২ পয়েন্ট অর্জন করতে পারতেন সেখানে পেলেন মাত্র ৩ পয়েন্ট। ইংলিশ ফুটবলের জন্য এটি মন্দ ব্যাপার।’
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোর মুখোমুখি হবে হোসে মরিনহোর চেলসি। এর আগে ১৯ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে এবং ২৬ সেপ্টেম্বর নিউ ক্যাসেলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

