স্পোর্টস ডেস্ক : অতীতকে পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি জানিয়েছেন, অতীতকে এক পাশে সরিয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে থাকা পাকিস্তানি পেসারকে মোহাম্মদ আমিরকে মোকাবেলা করতে তাদের কোনো সমস্যা নেই। আমিরকে অন্যান্য প্রতিপক্ষের মতোই মনে করবেন বলে জানান এই ইংলিশ পেসার।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। ১লা সেপ্টেম্বর এই তিনজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। আসিফ ও বাটের জাতীয় দলে ফেরাটা বিলম্বিত হলেও খুব শিগগিরই আমির জাতীয় দলে ফিরবেন বলে বলাবলি হচ্ছে।
এদিকে বুধবার সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ভিন্ন ভিন্ন দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। কিন্তু আগামী বছরের গ্রীষ্মে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে তিনি ফিরবেন বলেই মনে হচ্ছে। ফিক্সিং কেলেংকারি অপরাধে সাজা খেটে জাতীয় দলে ফেরার পর তার বিপক্ষে খেলতে কোনো সমস্যা দেখছেন না ব্রড।
২০১০ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের লর্ডস টেস্টে নিজের অভিষেক সেঞ্চুরির দেখা পান স্টুয়ার্ট ব্রড (১৬৯)। সেই টেস্টে ইংল্যান্ড ১০২ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে জোনাথন ট্রটের (১৮৪) সঙ্গে ৩৩২ রানের মহাকাব্যিক বিশ্বরেকর্ড জুটি গড়ে আলোচনায় আসেন এই ইংলিশ পেসার। তবে সবকিছুকে ছাপিয়ে লাইমলাইটে আসে বাট-আসিফ-আমিরদের স্পট কেলেংকারির ঘটনা। সেসব অতীত ভুলে সামনে তাকাতে চান ব্রড।
স্টুয়ার্ট ব্রড বলেন, ‘আমি সত্যিই জানি না ফের তার (আমির) মুখোমুখি হওয়াটা কেমন হবে। ২০১০ সালের টেস্ট সিরিজকে ঘিরে অনেক প্রশ্ন তৈরি হয়েছে ও বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু আইসিসি তো তাদের অপরাধের জন্য তাদের শাস্তি দিয়েছে এবং তারা সেই শাস্তি ভোগও করেছে। আমি তার (আমির) বেশ কয়েকটি সাক্ষাৎকার দেখেছি। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং জাতীয় দলে ফিরতে মরিয়া। তবে একজন খেলোয়াড় হিসেবে আপনি কার মুখোমুখি হবেন সেটি নিয়ে মাথা ব্যথা থাকার কথা নয়। সত্যি বলতে কি, আপনি শুধু মাঠে কি করবেন সেটি নিয়েই ভাববেন, প্রতিপক্ষকে নিয়ে নয়।’
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মোহাম্মদ আমিরের। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ৫০ টেস্ট উইকেট লাভের বিশ্বরেকর্ড গড়েন এই পাক পেসার। কিন্তু এক লর্ডস কেলেংকারিই সম্ভাবনাময়ী এই তারকাকে পেছনে ফেলে দিলো। যদিও এখনও তার বয়স বেশি নয়, মাত্র ২৩। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেই সফরে জাতীয় দলে আমির ফিরতে ফের ব্রড ও আমিরের সেই আলোচিত লর্ডস মাঠে দেখা হয়ে যেতে পারে।
তবে ব্রড জানিয়েছেন, সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজ থেকে তারা শিখেছেন কিভাবে ব্যক্তিগত বিষয়গুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়, ‘আমি মনে করি, এই গ্রীষ্মে অন্যান্য দলের মতো টিম ইংল্যান্ড অস্ট্রেলিয়ানদের নিয়ে বেশি মাথা ঘামিয়ে ভুল করেছি। আমরা ভুল থেকে শিক্ষাগ্রহণ করেছি এবং আমরা ড্রেসিং রুমে কি ধরনের পরিবর্তন এনেছি সেটিই বড় বিবেচিত বিষয়। আশা করি, ভুল থেকে শিক্ষা নেয়ার ফলে ভবিষ্যতে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো।’
প্রসঙ্গত, আগামী ১৩ অক্টোবর থেকে মরুর দেশ দুবাইয়ে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের পর দল দুটি চার ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। বুধবার আসন্ন সিরিজকে সামনে রেখে ভিন্ন তিন অধিনায়কের নেতৃত্বে দল ঘোষণা করেছে পিসিবি। টেস্টে মিসবাহ- টি-২০ তে আফ্রিদি এবং ওয়ানডেতে আজহার আলি পাকিস্তানকে নেতৃত্ব দিবেন।

