ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনঃতফসিল হতে পারে টাঙ্গাইল-৪ উপ নির্বাচনে

Link Copied!

EC1নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ উপ নির্বাচনে পুনঃতফসিলের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হজ পালনের সময়কালে মনোনয়ন দাখিলের সময় পড়ে যাওয়া যাওয়ায় প্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে ইসি এ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার তাড়াহুড়া করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কিন্তু আগ্রহী একাধিক প্রার্থী হজে যাওয়ার কারণে তারা তফসিলোক্ত দিনে মনোনয়ন দাখিল করতে পারবেন বলে পুনঃতফসিল ঘোষণার কথা ভাবছে কমিশন।
এদিকে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সস্ত্রীক হজে যাচ্ছেন। তার হজ পালনকালীন সময়ে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
এ বিষয়ে তিনি বলেন, ‘হজের জন্য অনেকের অসুবিধা হতে পারে। এজন্যে প্রয়োজনে পুনঃতফসিল দিতেও হতে পারে। এ ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।’
হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে এ আসনের সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রীত্ব, দলীয় সদস্য পদ ও সংসদ সদস্য পদ হারান। ফলে তার সংসদীয় আসন ১৩৩ টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়ে পড়ে। বিধি অনুসারে আসন শূন্য ঘোষণার দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় বুধবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র দিতে পারবেন। মনোয়ন পত্র যাচাই-বাছাই ৩ অক্টোবর। ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পুনঃতফসিল হলে মনোনয়ন জমা দেয়ার তারিখ থেকে ভোট গ্রহণের তারিখসহ  সব পরিবর্তন হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হওয়ায় ২৯ নভেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সিইসি হজে যাওয়ায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে ২৮ অক্টোবর ভোটের দিন রেখে তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা করা হয়। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময় ধরা হয়েছে।
এবছর ২৭ সেপ্টেম্বর থেকে হজ ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরই মধ্যে নির্বাচন  কমিশনার মো. শাহনেওয়াজও সস্ত্রীক হজে গেছেন। সিইসিও যাচ্ছেন। অপর তিন নির্বাচন কমিশনারের মধ্যে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল মোবারক এক সপ্তাহ ধরে অসুস্থ রয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা নির্বাচন কমিশনার জাবেদ ও আবু হাফিজ বুধবার নির্বাচন কমিশনে এসেছেন।
এদিকে তফসিল ঘোষণার আগেই অনেক সম্ভাব্য প্রার্থী হজে গেছেন। তাদের ফিরতে ফিরতে অনেকেইর ৩০ তারিখ পার হয়ে যেতে পারে।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ‘হজের সময়ে আগ্রহী প্রার্থীদের অসুবিধার বিষয়টি ইতিবাচকভাবে চিন্তা করা হচ্ছে। এখন অনেকে হজে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরাও যেতে পারেন। কোনো রাজনৈতিক দল কিংবা সম্ভাব্য প্রার্থী এখনো আমাদের জানায় নি। তবে বিষয়টি আমরা কনসিডার করবো।’
সিইসি ও একজন কমিশনার হজে থাকলেও বাকি কমিশনারা দেশে থাকায় পুনঃতফসিল সংক্রান্ত সিদ্ধান্ত প্রয়োজনে দেয়া হবে বলে জানান তিনি।
টাঙ্গাইল উপ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘এবার মনোনয়ন দাখিলের সময় ১৫ দিন রাখা হয়েছে। গতকাল তফসিল ঘোষণা হলেও বুধবার মনোনয়নপত্র সরবরাহ করতে পারিনি আমরা। ঢাকায় আমরা কর্মকর্তা পাঠিয়েছি মনোনয়নপত্র নিয়ে আসতে। তবে বৃহস্পতিবার থেকে আগ্রহীদের ফরম দিতে পারবো।’
এছাড়া শুধুমাত্র ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, তাড়াহুড়ো করেই তফসিল দিয়ে এখন পুনঃতফসিলের কথা ভাবতে হচ্ছে। এর আগে কখনই পুনঃতফসিল দেয়ার ঘটনা উপ নির্বাচনের ঘটেনি। হজের বিষয়টা মাথায় রেখেই তফসিল দিলে এমন হতো না। বৃহস্পতিবার পুনঃতফসিলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানায়।
টাঙ্গাইল ৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামীকাল ৫টা গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা ডেকেছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে কারা পাচ্ছেন মনোনয়ন।
এদিকে ইসি সূত্র জানায়, পুনঃতফসিল দেয়া ব্যাপারে রাজনৈতিক চাপ আছে। কারণ আগ্রহী বিভিন্ন দলের প্রার্থীরা ইতোমধ্যে হজে গমন করেছেন। ৩০ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হলে সেক্ষেত্রে তাদের ঝামেলায় পড়তে হবে।