গাজীপুর প্রতিনিধি : দেশের ১৭শ বায়ান্ন কি. মি. মহাসড়ক পর্যায়ক্রমে ফোরলেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের ১৭শ বায়ান্ন কি. মি. মহাসড়ক যা প্রস্তুত হয়ে আছে, সেসব মহাসড়ক পর্যায়ক্রমে ফোরলেনে উন্নীত করা হবে, এতে যানজট থেকে রেহাই মিলবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘এ মাসের শেষ দিকে এলেঙ্গা গাজীপুর মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ এবং আগামী ডিসেম্বর থেকেই জয়দেবপুর-ঢাকা র্যাপিড ট্রানজিট রোড, মেট্রোরেল প্রকল্পের নির্মাণের কাজ শুরু হবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি অবগত, আগামী কোরবানির ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসতে না দেয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।’
এবারের কোরবানির ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রা মোড়ে সাড়ে তিনকোটি টাকা ব্যয়ে ৫শ মিটার দৈর্ঘ্যর একটি বাইলেন নির্মাণ করা হয়েছে। এই বাইলেনের ফলে উত্তরবঙ্গের মানুষ কিছুটা স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এএসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলামসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

