নিজস্ব প্রতিবেদক : দেশের রাস্তার অবস্থা ভালো নয় স্বীকার করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদকে সামনে রেখে রাস্তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। প্রকৃতপক্ষে এবার রাস্তার অবস্থা তেমন ভালো নয়।’
বুধবার বিকেলে সচিবালয়ে ‘জনপ্রশাসন ও গণমাধ্যম’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে হাইব্রিড নেতারা রিয়েল নেতাদের কোণঠাসা করে রেখেছে। হাইব্রিড নেতা শুধু রাজনীতিতেই নয় সাংবাদিকদের মধ্যেও আছে।’
মন্ত্রী বলেন, ‘অফিসে আগের ফাইলগুলোর মান যত ভালো ছিল এখনের ফাইলগুলো তেমন নয়। ফাইলের মান নিচে নেমে গেছে। শুদ্ধ ফাইল এখন খুবই কম পাওয়া যায়। একজন বিসিএসধারী কর্মকর্তার মান এমন হয় কী করে? ঠান্ডা মাথায় যদি ফাইলে সই করতে না পারি তাহলে কী করবো?’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘তদবিরকারীদের ভীড়ে যখন সচিবালয়ের নিজ করিডোর দিয়ে হাঁটতে পারি না তখন রাস্তায় চলে যাই। কারণ, তদবিরকারীদের চেয়ে রাস্তা অনেক ভালো। এমন উদ্ভট উদ্ভট তদবির আসে ভাবতে অবাক লাগে!’
তিনি বলেন, ‘মন্ত্রী এবং সচিব অনেস্ট থাকলে ওই মন্ত্রণালয় থেকে দুর্নীতি এমনি এমনি ৫০ ভাগ কমে যাবে।’
বঙ্গবন্ধুর সঙ্গে ৩৬ জনের ছবিযুক্ত একটি ব্যানারের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন নেতা উৎপাদনের কারখানা। আবার সাংবাদিক উৎপাদনের কারখানাও বটে।’
ভালো কথার স্পেস ফুরিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব এখন দুই ভাগে বিভক্ত। রাজশাহী প্রেসক্লাব চার ভাগে বিভক্ত, এটা জীবনেও ছিল না। দেশে এখন সম্পর্কের দেয়াল উঠে গেছে কিন্তু সেতু তৈরি হচ্ছে না।’
সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘তরুণরা আন্দোলন করেছে, সেখানে কোনো ভাঙচুর নাই। তরুণরা এদিক থেকে শৃঙ্খলার পরিচয় দিয়েছে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

