নিজস্ব প্রতিবেদক : বুধবার দুপুর ২টা। সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে জনগণের মুখোমুখি বিভিন্ন সরকাারি দফতরের কর্মকর্তারা। নিজ দফতরের সেবা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন সাভার ও আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মকর্তা। বক্তব্য শেষ আশুলিয়া অঞ্চলের সাব-রেজিস্ট্রার গাজী মো. আব্দুল করিমকে প্রশ্ন করেন আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা রহিম উদ্দিন। একটি দলিল নম্বর ও সম্পত্তির মূল্য উল্লেখ করে রহিম উদ্দিন সাব রেজিস্ট্রারের কাছে জানতে চান- এর সরকারি ফি কত? উত্তরে সরকারি ফি যত তাই বললেন সাব-রেজিস্ট্রার। এর পরেই প্রতিবাদী হয়ে উঠেন রহিম উদ্দিন। তাহলে আপনার দফতরে গিয়ে সরকারি ফি অনুযায়ী সেবা পাওয়া যায় না কেন? আমার দলিলে স্বাক্ষর করতে কেন আপনি এক হাজার টাকা অতিরিক্ত নিয়েছেন। দলিল লেখকরা আপনার এজেন্ট। তাদের মাধ্যমে আপনি অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। বোঝা গেল সাব-রেজিস্ট্রারের ওপড় পূঞ্জিভূত ক্ষোভ ঝাড়ছেন রহিম উদ্দিন।
সরকারি কর্মকর্তাদের কাছে হয়রানির শিকার এ রকম আরো অনেকেই সেখানে তাদের ক্ষোভ ঝাড়েন। প্রতিকার চান দুদকের কাছে।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী সাভার উপজেলা অডিটরিয়ামে গণশুনানির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দুর্নীতি দমন কমিশন।
গণশুনানিতে সরকারি দফতরের কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হয়। পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও জবাবদিহিতার মুখোমুখি হন সেখানে।
গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (গবেষণা, পরীক্ষণ, প্রতিরোধ ও গণসচেতনতা) ড. মো. শামসুল আরেফিন, এডিশনাল ডেপুটি কমিশনার মো. কাজী ইমদাদুল ইসলাম, সাভার উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সালাউদ্দিন খাঁন নঈম, সচেতন নাগরিক কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসাী।
অনুষ্ঠানে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন উপজেলায় গণশুনানির আয়োজন করছে দুদক। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হচ্ছে। মূলত এখানে সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দফতরের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে বলা হয়। জনগণের কাছে সরকারি কর্মকর্তাদের যে জবাবদিহিতা আছে সেটি নিশ্চিত করাই এই গণশুনানির উদ্দেশ্য। পরীক্ষামূলকভাবে সাভারে এটি অনুষ্ঠিত হল। এর মাধ্যমে সফলতা পাওয়া গেলে ভবিষ্যতে গণশুনানি বাধ্যতামূলক করতে আইন তৈরি করা হবে বলে।
এর আগে বেলা ১১টার দিকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। সাভার থানা বাসস্টান্ড থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন।

