বিনোদন ডেস্ক : নিজেকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্যা দাবী করলেন মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এর পাঁচ নায়িকার একজন অভিনেত্রী অবনি মোদি!
চলতি মাসেই বলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা মধুর ভান্ডরকারের আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। আর ছবি প্রমোটের জন্য ছবির পাঁচ নায়িকা চষে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন শহর। আর প্রচরাণায় গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নির্মাতা থেকে শুরু করে ছবির অভিনেত্রীদের। সেসব প্রশ্নের প্রায় সবই ছবি কেন্দ্রীক, কিন্তু পাঁচ নায়িকার একজন হলেন অভিনেত্রী অবনি মোদি। নিজের নামের জন্য তিনি ভিন্ন প্রশ্নের সম্মুখিন হচ্ছেন।
নিজের নামের পিছনে ‘মোদি’ থাকায় এবং নিজের জন্মস্থানও নরেন্দ্র মোদির গুজরাটে হওয়ায় যেখানেই তিনি যাচ্ছেন, সেখানেই নাকি বারবার জিজ্ঞাসিত হচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো আত্মীয় হন কিনা! সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী অবনি। নব-ভারতটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অবনি মোদি বলেন, আমি প্রায় সময়ই ছবি প্রমোশনের কাজে গিয়ে প্রশ্নের সম্মুখিন হয়েছি এই বলে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা! আমি বলে দেই হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমার সম্পর্ক আছে। আমি তার মেয়ে হই। আমিতো শুধু গুজরাটের মেয়ে নই, পুরো ভারতের। আর মোদি আমার বাবার মতোনই।
উল্লেখ্য, মধুর ভান্ডরকার পরিচালিত পাঁচ তরুণীর উত্থান পতনের গল্প নিয়ে চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ক্যালেন্ডার গার্লস’। ছবিটিতে পাঁচ তরুণীর গল্পে অবনি মোদি ছাড়াও অভিনয় করেছেন শতরুপা পাইন, কায়রা দত্ত, আকাঙ্খা পুরি ও রুহি সিং। বাস্তব জীবনের নানান সংকট নিয়ে ছবি করতে ভালোবাসেন জননন্দিত নির্মাতা মধুর ভান্ডরকার। এর আগেও তিনি গ্ল্যামার জগতের নোংরামিকে তুলে ধরে নির্মাণ করেছিলেন ফ্যাশন ও হিরোইনের মতন বাস্তবধর্মী ছবি। এরই ধারবাহিকতায় এবার তিনি নির্মাণ করছেন গ্ল্যামার জগতে পা রাখা পাঁচ তরুনীর গল্প নিয়ে ছবি ‘ক্যালেন্ডার গার্লস’।

