নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে একটিকে নিষ্ক্রিয় করে অন্যটি পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল-১ সক্রিয় রেখে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করার এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত ট্রাইবুনালটি বিচারপতি আনোয়ারুল হককে প্রধান করে বিচারপতি শাহিনুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে নতুন ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ও ২ এর বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় উক্ত ট্রাইবুনাল দুইটিকে একীভূত করে একটি ট্রাইবুনাল গঠন আবশ্যক। সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ কর্মরত সদস্য বিচারপতি জনাব মোহাম্মদ আনায়ারুল হককে চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ কর্মরত সদস্য বিচারপতি জনাব শাহিনুর ইসলামকে সদস্য এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীকে সদস্য করে একটি ট্রাইবুনাল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি জনাব এম ইনায়েতুর রহিম, অপরাধ ট্রাইবুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, অপরাধ ট্রাইবুনাল-২ এর সদস্য বিচারপতি জনাব মুজিবুর রহমান মিয়া সুপ্রিম কোর্টে প্রত্যাবর্তন করবেন।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার চাপ সামলাতে ও বিচার ত্বরান্বিত করতে পরের বছরই গঠন করা হয় ট্রাইব্যুনাল-২। এ পর্যন্ত উভয় ট্রাইব্যুনাল ২১ রায়ে ২৪ জনকে ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। এদের মধ্যে দু’জনের ফাঁসি কার্যকর হয়েছে। এ দুটি রায়ই ট্রাইব্যুনাল-২ থেকে দেয়া হয়েছিল।

