স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার সাবেক ক্রিকেটার রোশন মহানামা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারিদের এলিট প্যানেল থেকে চলতি বছর শেষে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। পরিবারের সদস্যদের আরো বেশি সময় দেয়া এবং শ্রীলংকায় নিজের ব্যবসার কাজে বেশি মনোযোগ দেয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৪ সালে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে যোগ দেন রোশন মাহানামা। এই পর্যন্ত ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ তে দায়িত্ব পালন করেন এই সাবেক লংকান ব্যাটসম্যান। এর মধ্যে তিনটি বিশ্বকাপ এবং ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করার গৌরবও অর্জন করেন তিনি।
বিদায়ের ঘোষণায় ‘আপ্লুত’ রোশন মাহানামা, ‘এই সিদ্ধান্তটি নেয়া খুবই কঠিন ছিল। কেননা, আমি ক্রিকেটের প্রতি অনেক অনুরক্ত। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ক্রিকেটার, কোচ এবং ম্যাচ রেফারির ভিন্ন ভিন্ন ভূমিকার মধ্য দিয়ে আমি এই খেলাটির সঙ্গে যুক্ত ছিলাম। তবে একটা সময় তো থামতে হয়। যেই পরিবার দীর্ঘ তিন দশক ধরে আমার ক্যারিয়ারকে এগিয়ে নেয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে সেই পরিবারের প্রতি অখণ্ড মনোযোগ দেয়ার সময় হয়েছে।’
প্রসঙ্গত, শ্রীলংকার ১৯৯৬ বিশ্বকাপজয়ী তারকা রোশন মহানামা জাতীয় দলের হয়ে ২১৩ ওয়ানডেতে ২৯.৪৯ গড়ে ৪টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ১৬২ রান করেন। এছাড়া ৫২টি টেস্টে ৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৫৭৬ রান করেন তিনি।

