নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর। এ আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। তিনি পদত্যাগ করায় তা শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।
এদিকে তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১১ অক্টোবর।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
এদিকে টাঙ্গাইল-৪ আসন থেকে লতিফ সিদ্দিকী পদত্যাগ করার পর তা শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় গেজেট আকারে তা ইসিতে পাঠায়।
গেজেটে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর পদত্যাগ করায় দশম জাতীয় সংসদের ১৩৩ নম্বর (টাঙ্গাইল-৪) আসনটি শূন্য করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীর স্বহস্তে লিখিত পদত্যাগপত্র স্পিকারের কাছে গৃহীত হয়। পদত্যাগপত্রটি বিধিসম্মত হলে সংসদে কার্যপ্রণালি বিধির ১৭৮(৩) অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।
উল্লেখ্য, গেল বছর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের সময় নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতোটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের পর শোরগোল ওঠে। তাকে গ্রেপ্তার এবং মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার দাবি তোলে ইসলামী বিভিন্ন সংগঠন। পরবর্তীতে তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এমনকি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তার নামে বেশ কয়েকটি মামলাও হয়। দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।
সেই সঙ্গে গত ১ সেপ্টেম্বর সংসদে বক্তব্য দিয়ে লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

