নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ সেপ্টেম্বর সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার সারাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সুতরাং আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জিলকদ মাস পূর্ণ হবে। এবং ১৬ সেপ্টেম্বর বুধবার থেকে ১৪৩৬ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। আর আগামী ২৫ সেপ্টেম্বর ১০ জিলহজ সারা দেশে উদযাপিত হবে কোরবানির ঈদ।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। আর ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়।

