নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের (বিবিআইএন) মধ্যে চার দেশীয় সড়ক পথে যাত্রীদের ভিসা সহজীকরণের বিষয়ে আগামী ৬-৮ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যাত্রীদের পাশাপাশি কার্গো পরিবহন ও যাত্রী পরিবহনে ইলেকট্রনিক ট্যাকিং সিস্টেমের কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা হবে।
সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট বিষয়ক ব্রিফিং কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ‘পাইলট রানের অভিজ্ঞতা বিবেচনায় এনে ড্রাফ কার্গো পটোকল চূড়ান্তকরণ করতে আগামী ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর হতে ১ ডিসেম্বর সময়ের মধ্যে চার দেশের প্রতিনিধি সমন্বয়ে বিবিআইএন মটোর র্যালি অনুষ্ঠিত হবে।’
এ র্যালি ভারতে উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে শুরু হয়ে নেপাল, ভুটান এবং ভারতের আসাম ও ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর আখাউড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এবং ৩০ নভেম্বর সকালে ঢাকা হতে ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করবে। বিবিআইএনের মটোর র্যালিটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা দিয়ে শেষ হবে বলে মন্ত্রী জানান।
বিবিআইএন মটোর ভ্যাসেল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) যাত্রী পরিবহনের সম্ভাব্য রুট সম্পর্কে মন্ত্রী জানান : ১. ভারতের কলকাতা-পেট্রাপোল, বেনাপোল, যশোর, ঢাকা-চট্টগ্রাম, ২. চট্টগ্রাম-ঢাকা,হাটিকুমরুল, বগুড়া, রংপুর, বুড়িমারি, চেংরাাবান্দা (ভারত), শিলিগুঁড়ি (ভারত),৩. ঢাকা-হাটিকুমরুল,বগুড়া. রংপুর,বুড়িমারি, চেংরাবান্দা( ভারত), ভুটান ও থিম্পু(ভুটান),৪. ঢাকা-হাটিকুমরুল,বগুড়া, রংপুর, বাংলাবান্দা,ফুলবাড়ি ( ভারত),টানিটাংকি (ভারত), কাকারভিটা( নেপাল), কাঠমুন্ডু( নেপাল), ৫. কলকাতা-ঢাকা, সড়াইল-সিলেট-টামাবিল, শিলং, গোহাটি-সামর্ডুপ জোনকার ( ভুটান) ও ৬. খুলনা, যশোর, বেনাপোল পেট্রাপোল(ভারত)-কলকাতা।
মন্ত্রী বলেন, পণ্যবাহী যান চলাচলে বিবিআইএনের ওয়ার্কিং গ্রুপের দুই দিনের সম্মেলন গত ৮-৯ সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে চার দেশীয় যুগ্ম-সচিব পর্যায়ে দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিধিনিরা অংশগ্রহণ করবে।
জানা গেছে, প্রথম গত ৩০-৩১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বিবিআইএন রোড কানেক্টিভিটি চুক্তির বিষয়ে একমত হয় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে ৪টি রুটে যান চলাচল করতে পারবে।

