স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাসমানিয়ার পেস বোলার আন্দ্রে ফেকেটে ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরুন বেনক্রফট ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন। এছাড়া জো বার্নস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও স্পিনার স্টিভ ও’কেফে ফের টেস্ট দলে ফিরেছেন। অন্যদিকে অধিনায়ক স্টিভেন স্মিথের ডেপুটি নির্বাচিত হয়েছেন অ্যাডাম ভোজেস।
এদিকে টানা ক্রিকেটের মধ্যে থাকায় দুই পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে মিচেল স্টার্ক, পিটার সিডল ও প্যাট কামিন্স মুশফিক-সাকিব-মুমিনুলদের বিপক্ষে পেস আক্রমণের নেতৃত্ব দিবেন।
অ্যাশেজ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওপেনার ক্রিজ রজার্স, মাইকেল ক্লার্ক ও ব্রাড হাডিন। শেন ওয়াটসন বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকে। অন্যদিকে রায়ান হ্যারিস অ্যাশেজের আগেই ইনজুরিতে পড়ে ক্রিকেটকে গুডবাই জানান। যে কারণে বাংলাদেশ সফরে নতুন একটি দলকে গড়ে তোলার চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অন্যদিকে ওপেনার ক্রিস রজার্সের অবসর ও ইনজুরির কারণে ওপেনার ডেভিড ওয়ার্নার বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে পড়ায় নতুন এক ওপেনিং জুটিকে দেখা যাবে বাংলাদেশ সফরে। এছাড়া ওয়ার্নারের অনুপস্থিতিতে অ্যাডাম ভোজেসকে সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত, দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৯-১৩ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। এরপর ১৭-২১ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে দল দুটি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, আন্দ্রে ফেকেটে, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কেফে, পিটার সিডল ও মিচেল স্টার্ক।

