স্পোর্টস ডেস্ক : কোচ ও ফিজিওকে ছাড়াই ভারত গেল মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ভিসা সংক্রান্ত জুটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেটন হ্যারেপ। সোমবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন মুমিনুল-নাসির-জুবায়েররা।
এদিকে ঠিক কি কারণে কোচ ও ফিজিও ভিসা পাননি তার কারণ জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। তবে আজ-কালের মধ্যেই কোচ ও ফিজিও ভিসা পেয়ে যাবেন বলে আশাবাদ শোনানো হয় বিসিবির পক্ষ থেকে।
১৭ দিনের সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ভারতের ‘এ’দল। অপর তিন দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।
সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। আর ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, রনি তালুকদার, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন লিখন।

