নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আসছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পালা। ওইদিন সকাল ৯টা থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। একজন যাত্রী একসঙ্গে চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের এবং ১৯ সেপ্টেম্বর পাওয়া যাবে ২৪ সেপ্টেম্বরের টিকিট।
এছাড়া শুধুমাত্র আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার থেকে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সুবিধা চালু করা হবে বলে জানা গেছে। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ সেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে কমলাপুর রেল স্টেশনের ২০টি কাউন্টারসহ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সব রেলস্টেশনে বাড়তি নিরাপত্তা ফোর্স মোতায়েন করা হয়েছে। রেল পুলিশ, আমর্ড পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ এই নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
যাত্রী নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য কমলাপুর রেল স্টেশনে একটি রেলওয়ের পুলিশ তথ্য কেন্দ্র খোলা হয়েছে। দেশের যেকোন রেল স্টেশন, টিকিট, টিকিট সংক্রান্ত সমস্যা, ট্রেন কখন ছাড়বে এসব সর্ম্পকে তথ্য কেন্দ্র থেকে জানা যাবে। এছাড়া র্যাব-৩ এর একটি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশন সরজমিনে ও রেলওয়ে সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কমলাপুর স্টেশনে নিরাপত্তার ব্যাপক প্রন্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন রেল পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
নজরুল ইসলাম নামে এক রেল পুলিশ কর্মকর্তা জানান, ট্রেনের টিকিট দেয়া উপলক্ষে যেকোন ধরনের বিশৃঙ্খলা, কালোবাজারি ঠেকাতে আগামী সোমবার ( ১৪ সেপ্টেম্বর) রাত থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের বিশেষ টিমও ইতোমধ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া কালোবাজারিকে চিহ্নিত করার জন্য সিসি টিভি স্থাপন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য যা কিছু দরকার সব ব্যবস্থা নেয়া হয়েছে। আর বিশেষ ট্রেনগুলোতে এবার নিরাপত্তা ফোর্স রয়েছে বলেও তিনি জানান।
ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিন ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের মাধ্যমে বাড়তি সেবা দেয়া হবে। ঈদের তিন দিন আগে থেকে মোট সাত জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া ট্রেন, ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে স্পেশাল ট্রেন চলবে। বাকি দুই জোড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ যাতায়াত করবে।
ঈদ উপলক্ষে বিদ্যমান ট্রেনে বগির সংখ্যাও বাড়ানো হবে। এজন্য ১৬৯টি বগি মেরামত করা হয়েছে। পাশাপাশি ২৫টি অতিরিক্ত ইঞ্জিনও প্রস্তুত রাখা হয়েছে বলে রেলওয়ের রোলিং স্টক বিভাগ থেকে জানা গেছে।
এ ব্যাপারে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক জানান, ‘ঈদ উপলক্ষে মঙ্গবার থেকে (১৫ সেপ্টেম্বর) ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনে অগ্রিম টিকিটের কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

