ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুক্তি না হওয়ায় সিম পুনঃনিবন্ধনের তথ্য যাচাই শুরু হয়নি

Link Copied!

simনিজস্ব প্রতিবেদক : জাতীয় তথ্যভাণ্ডারের ভেরিফিকেশন সার্ভিস নিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এখনো দ্বিপাক্ষীয় চুক্তি করেনি মোবাইল ফোন অপারেটরগুলো। সেই সঙ্গে ‘বাল্ক ডাটা’ (একসঙ্গে অনেক গ্রাহকের তথ্য) ও জমা দেয়নি কোনো অপারেটর।
ফলে রোববার থেকে মোবাইল সিম পুনঃনিবন্ধনে নাগরিকদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জাতীয় তথ্যভাণ্ডারের ভেরিফিকেশন সার্ভিস নিতে হলে দ্বিপক্ষীয় চুক্তি করতে হবে। চুক্তি না হলে নাগরিকের তথ্য যাচাই সেবা দেয়ার সুযোগ নেই।
এ সেবা নিতে হলে ৫ লাখ টাকা এককালীন চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য মোবাইল অপারেটরকে ২ টাকা হারে পরিশোধ করতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ‘রোববার বেলা ৫টা পর্যন্ত কোনো মোবাইল অপারেটর চুক্তির জন্য ইসিতে আসেনি বা কোনো ধরনের তথ্য যাচাইয়ের জন্য গ্রাহকদের তালিকাও পাঠায়নি।’
তিনি বলেন, ‘আমরা রাত পর্যন্ত অপেক্ষা করবো। দ্বিপাক্ষিক চুক্তির জন্য এর আগেই এয়ারটেল, সিটিসেল ও বাংলালিংক আবেদন করেছে। তাদের বিষয়টি অনুমোদনের জন্য ইসির কাছে উপস্থাপন করা হবে। অনলাইন ভেরিফিকেশন সার্ভিস দেয়ার বিষয়টি ইতোমধ্যে ইসির অনুমোদন আছে। এক্ষেত্রেও ব্যত্যয় হবে না।’
সুলতানুজ্জামান বলেন, ‘চুক্তি ছাড়া কোনো ভেরিফিকেশন সার্ভিস দেয়ার সুযোগ নেই। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তথ্য যাচাইয়ের বিষয়ে বৃহস্পতিবার কথা হয়েছে। সেক্ষেত্রে আমরা বাল্ক ডাটা পেলে তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবো। তবে দ্বিপাক্ষিক চুক্তির পরই মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত তথ্য হস্তান্তর করা হবে।’
বিটিআরসির হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।
ইসির তথ্য অনুযায়ী, ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য আছে ইসির কাছে। কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক এ পর্যন্ত ইসির কাছ থেকে ভেরিফিকেশন সার্ভিস নিচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সভা করেন। সেখানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকও উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, রোববার থেকে সব সিম যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহকদের তথ্য যাচাইয়ে জাতীয় তথ্যভাণ্ডার কর্তৃপক্ষ (এনআইডি) নিজেদের গ্রাহকদের ডাটা দেবে বলেও জানান তিনি।