সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সম্ভব সব কিছুই করবে। পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে কৃষিসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য পুনর্বাসন কাজ শুরু করা হবে।
রোববার তার নির্বাচনী এলাকা কাজীপুরের চরাঞ্চল তেকানী, মনসুর নগর ও নাটুয়ারপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের মধ্যে টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী রোববার সকালে তেকানী ইউনিয়নে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেখানে তিনি পথসভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর পর মন্ত্রী নৌকাযোগে মনসুর নগর ইউনিয়ন এবং নাটুয়ারপাড়া ইউনিয়নে যান। এসব স্থানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং ত্রাণসামগ্রী ও টাকা বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম।
সন্ধ্যায় তিনি কাজীপুরের দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৬ কিমি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ৫শ’ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

