স্পোর্টস ডেস্ক : মারভান আতাপাত্তু শ্রীলংকার কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিলো চন্ডিকা হাথুরুসিংহেই হবেন লংকানদের পরবর্তী কোচ। যদিও ছুটি থেকে বাংলাদেশের ফেরার পর গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে হাথুরুসিংহে নিজে জানিয়েছিলেন লংকান ক্রিকেট বোর্ড কর্তৃক এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি।
তবে শুক্রবার জানা গেলো, আনুষ্ঠানিকভাবেই শ্রীলংকার কোচের দায়িত্ব নিতে হাথুরুসিংহেকে প্রস্তাব দিতে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এলএসসি)। গত ৩ সেপ্টেম্বর শ্রীলংকার কোচের দায়িত্ব ছেড়ে দেন মারভান আতাপাত্তু। তারপর লংকান সংবাদ মাধ্যমে খবর আসে, তাদের সাবেক সহকারী কোচ হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে পেতে আগ্রহী লংকান ক্রিকেট বোর্ড।
নিজ দেশ থেকে প্রস্তাব পেলে চলেও যেতে পারেন হাথুরুসিংহে, এই ভাবনায় গত কদিনে গুঞ্জনের ডালপালা মেলে অনেক। এর মধ্যেই অবশ্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে লংকান বোর্ডের হেড অব কোচিং জেরম জয়ারত্নেকে নিয়োগ দেয় এসএলসি।
ছুটি কাটিয়ে হাথুরুসিংহে সিডনি থেকে ঢাকায় ফেরার পরও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলছিলেন না। অবশেষে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, লংকান বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাবই পাননি।
এ বিষয়ে ওইদিন তিনি বলেছিলেন, ‘অফিসিয়ালি আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগ হয়নি। আমি যেহেতু পেশাদার কোচ, কোথাও চাকরির সুযোগ সৃষ্টি হলে আমার নাম আসতেই পারে। আপাতত এটুকুই বলার আছে আমার।’
হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার পর প্রথম দুটো সিরিজ খারাপ খেললেও এরপরই সাফল্য পেতে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে টানা ৪টি ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স লংকান কোচের স্পর্শে, এ যেন ভিন্ন এক বাংলাদেশ। হাথুরুসিংহের ইর্ষণীয় সাফল্যে নজর পড়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এলএসসি)। তবে এ কোচকে সহজে হারাতে চাইবেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)
কারণ এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও চুক্তি শেষ না হওয়ায় তার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।’
তাই এখন দেখার বিষয় হাথুরুসিংহে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এলএসসি) নতুন প্রস্তাব গ্রহণ করবেন, নাকি ফিরিয়ে দিয়ে মুশফিক-মাশরাফিদের সঙ্গে থেকে যাবেন ?

