স্পোর্টস ডেস্ক : উসাইন বোল্টকে হারানোর এটাই তাঁর সামনে সেরা সুযোগ ছিল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু বেইজিং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার, ২০০ মিটার, দুটোতেই হেরে গেছেন বোল্টের কাছে। তবু জাস্টিন গ্যাটলিন মনে করছেন, আগামী বছর রিও অলিম্পিকে তিনি বোল্টকে হারাতে পারবেন।
৩৩ বছরের এই মার্কিন স্প্রিন্টার বলেছেন, ‘গত তিন বছর ধরে আমার ফোকাস একটা জায়গাতেই। অ্যাথলেট হিসেবে কী করে নিজেকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়। আর সেটাই করেছি। সেটা আমার পারফরমেন্সে দেখা গেছে।’
এর পর বোল্টের সঙ্গে তুলনা টেনে গ্যাটলিন বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে তফাৎ ক্রমশ কমছে। ২০১৪ সালে আমি ধারাবাহিকভাবে ৯.৮ সেকেন্ডের কাছাকাছি সময় করেছি। এই বছর ৯.৭ সেকেন্ডের মধ্যে রয়েছি। পরের বছর আরও ভাল করব।’

