বিনোদন ডেস্ক : আপনি তো হরেক রকম চরিত্রে অভিনয় করছেন। এবার আপনাকে বিনোদন সাংবাদিকের চরিত্র অভিনয় করতে হবে। হাতে সময় মাত্র পাঁচ মিনিট। উঠতি এক নায়িকাকে কি কি প্রশ্নে বিদ্ধ করবেন? ঝটপট কিছু প্রশ্ন রেডি করে ফেলুন। হঠাৎ এমন প্রশ্নে তানহার ভড়কে যাওয়ার কথা ছিল। কিন্তু ফলাফল উল্টো।
রমনা পার্কের সরুপথ ধরে হাঁটতে হাঁটতে কড়াইতলায় এসে দাড়ালেন। আনমনে ভাবনার জগতে তিরিশ সেকেন্ড ডুব দিলেন। আঙ্গুলে গুনে গুনে প্রশ্নের পসরা সাজিয়ে ফেললেন। উঠতি নায়িকার প্রতি সাংবাদিক তানহার প্রশ্ন ‘এই মুহুর্তে কিকি কাজ করছেন, সাম্প্রতিক যে সিনেমায় অভিনয় করলেন সেটার কি অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা কি। কড়াই তলা থেকে ততক্ষণে তানহা হাজির হয়েছে রমনার বটমূলে। পথ ফুরোই কিন্তু প্রশ্ন যেন ফুরোতেই চায়না! এত প্রশ্ন আপনার মাথায় এল কিভাবে? ‘প্রায়ই সাংবাদিকরা তো আমাকে এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করেন। প্রশ্নগুলো শুনতে শুনতে অনেকটা মুখস্ত হয়ে গেছে।’ বললেন তানহা। পাশের এক বেঞ্চিতে বসে সাংবাদিক তানহার প্রশ্নগুলো ছোঁড়া হলো উঠতি নায়িকা তানহাকে। তানহার মুখোমুখি তানহা!
নিজের সাজানো প্রশ্নেই নিজেই উত্তর করবেন! বললেন নিজের নায়িকা হয়ে উঠার গল্প, ‘ফেসবুকে রেগুলার ছবি আপলোড করতাম। একবার নিরব নক করলেন বাংলা সিনেমার জন্য নতুন একজনকে দরকার। আমি অভিনয়ে ইচ্ছুক কিনা? আমি আগ্রহীই ছিলাম। কিন্তু সমস্যাটা ছিল বাবা-মাকে নিয়ে। তারা খুব কনজারভেটিভ। চায় না আমি অভিনয় করি। নিরবকে বললাম, বা-মাকে কনভিন্স করতে পারলে কাজটা করতে পারবো। নিরবই তাদের কনভেন্স করেন। তারপরই তো কাজ শুরু করলাম ‘রফিক শিকদারের ‘ভোলা তো যায়না তারে’ ছবির কাজ।’-বললেন তানহা।
প্রথমবার ক্যামেরার সামনে দাড়ানোর অভিজ্ঞতাটা কেমন? ‘প্রথমদিন শুটিং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে। সেখানে অনেক ছেলে ছিল। আমি এমনিতেই একটু লাজুক টাইপের। খুব আন ইজি লেগেছিল।’ ছবিরটার এখন কি অবস্থা? ‘ ছবির শুটিং, ডাবিং সব শেষ। এখন প্রমোশনাল কাজ চলছে। এখন মোবাইল অপারেটরগুলোর সঙ্গে কথা চলছে। ভয়েস এসএমএসের মাধ্যমে সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানানো হবে। সবকিছু ঠিক থাকলে কোরবানীর ঈদেই ছবিটি মুক্তি পাবে।’
শাকিবের সঙ্গে ‘ধুমকেতু’ নামে একটা সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। ওটার কি অবস্থা? ‘৭০% কাজ শেষ হয়েছে। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে খুব নার্ভাস লাগছিল। কিন্তু উনি খুব-কো-অপারেটিভি। হেল্প করেছেন।’
সামনে কিকি কাজ করবেন? ‘আরো দুটা সিনেমায় কাজ করার কথাবার্তা চলছে। ঈদের পর সাইনিং করবো। আর এই মুহুর্তে এলিট ক্রিমের একটা কাজ কিরবো। শিগগিরই শুটিং শুরু হবে।’ বললেন তানহা।

