নিজস্ব প্রতিবেদক : ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার ধানমণ্ডি ২৭ নম্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান এবং এর আশপাশ এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনির্ভাসিটির বিবিএ ছাত্র ইয়াসিন।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হয়ে দফায় দফায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে।
এর আগে রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে ছাত্র ধর্মঘটের সমর্থনে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টায় স্টেট ইউনিভার্সিটির বিজয় ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মিছিল থেকে ভ্যাট বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিলকে কেন্দ্র করে নিউমার্কেট-মিরপুর রোডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে শুক্রাবাদে নিজেদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে।
সকাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে তিনদিনের সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। টানা সোমবার পর্যন্ত চলবে এ কর্মসূচি।
কর্মসিূচির অংশ হিসেবে প্রথম দিনেই সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও রাস্তা অবরোধের খবরও পাওয়া গেছে।
আজকের কর্মসূচি প্রসঙ্গে ‘নো ভ্যাট অন এডুকেশন’র মূখপাত্র ফারুক আহমাদ আরিফ বলেন, ‘সারাদেশ থেকে খবর পেয়েছি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোতে শিক্ষক ও ছাত্ররা সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট পালন করছে।’

