তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সংখ্যা বেড়েছে চলেছে। গ্যালাক্সি জে সিরিজে সর্বশেষ ফোন ছিল জে৭। এবার এলো জে২। এটি এন্ট্রি ঘরানার ফোন। ফোনটি ভারতে বাজারে অবমুক্ত করা হলেও খুচরা পর্যায়ে পাওয়া যাবে ২১ সেপ্টেম্বর থেকে। অচিরেই ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে বলে স্যামসাং বাংলাদেশ জানিয়েছে। গ্যালাক্সি জে২ ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির দামও হাতের নাগালে।
ডুয়েল সিমের এই ফোনটিতে আছে ৪.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। সুপার অ্যামোলিড ডিসপ্লের রেজুলেশন ৫৪০x৯৬০।
ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ টাচউইজ ইউ চালিত। ফোনটির আয়তন ১৩৬.৬x৬৯x৮.৪ মিলিমিটার।
ফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর এক্সিনোস ৩৪৭৫ প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মোমোরি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি বাড়ানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি জে২ এর ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ারের। ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশ লাইট আছে। অন্যদিকে সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।
ফোনটিতে ফোরজি, থ্রিজি, টুজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং মাইক্রো ইউএসবি কানেকটিভিটি রয়েছে।
সাদা, কালো এবং সোনালি এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ৮ হাজার ৪৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯ হাজার ৯৫৮ টাকা।

