স্পোর্টস ডেস্ক : আগ থেকেই বলাবলি হচ্ছিল ওপেনার ডেভিড ওয়ার্নারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হলো। বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরায় এই মারকুটে ওপেনার বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে পড়েছেন। আগামী অক্টোবরে ওয়ার্নারকে ছাড়ায় বাংলাদেশ সফরে আসছে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দল।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে রেখেই বাংলাদেশে আসবে অসিরা। তবে ঘরের মাঠে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়ায় স্বভাবতই হতাশ ওয়ার্নার, ‘এটি আসলে অনেক হতাশাজনক। আমি অস্ট্রেলিয়ার হয়ে কোনো ম্যাচ মিস করতে চাই না। তবে যতো দ্রুত সম্ভব আমি দলে কামব্যাক করতে সম্ভাব্য সব কিছুই করবো।’
মাঠে ফিট হয়ে ফিরতে এবং ব্যাটিং করার জন্য সেরে উঠতে ওয়ার্নারের ছয় সপ্তাহ সময় লাগবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্সের নির্বাহী প্রধান প্যাট হাওয়ার্ড জানিয়েছেন।
ডেভিড ওয়ার্নার দল থেকে ছিটকে পড়ায় তার অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে নতুন কাউকে সহ-অধিনায়ক নির্বাচন করতে হবে। বাংলাদেশ সফরকে সামনে রেখে দল ঘোষণার সময় স্টিভেন স্মিথের ডেপুটি নিয়োগ করা হবে বলে প্যাট হাওয়ার্ড জানিয়েছেন।
এদিকে ডেভিড ওয়ার্নারের ইনজুরি এবং ক্রিস রজার্সের বিদায়ে বাংলাদেশ সফরে নতুন টেস্ট ওপেনিং জুটির প্রয়োজন পড়বে অস্ট্রেলিয়ার। ফলে বদলে যাওয়া বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জের মধ্যেই পড়তে যাচ্ছে অসি শিবির।
অ্যাশেজ সিরিজের পর মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স ও ব্রাড হাডিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। অ্যাশেজের আগেই ইনজুরির কারণে রায়ান হ্যারিস টেস্টকে গুডবাই বলে দেন। আর গত সপ্তাহে ওয়ানডে ক্যারিয়ারকে প্রলম্বিত করার জন্য টেস্ট ছেড়ে দেয়ার ঘোষণা দেন অলরাউন্ডার শেন ওয়াটসন। ফলে বাংলাদেশ সফরে নতুন এক অস্ট্রেলিয়াকে দেখতে পাবে ক্রিকেট-বিশ্ব।
প্রসঙ্গত, দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৯-১৩ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। এরপর ১৭-২১ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে দল দুটি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে।

