বিনোদন ডেস্ক : আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র গাড়িওয়ালা যুক্তরাষ্ট্রের হলিউড ও লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সিনেরকম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রতিযোগিতা বিভাগে ৩টি পুরস্কার জিতেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৭ দিনের এ উৎসবে ছবিটি আশরাফ শিশির ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’ ক্যাটাগরিতে ‘প্লাটিনাম অ্যাওয়ার্ড’, শিশুশিল্পী কাব্য ও মারুফ ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ ক্যাটাগরিতে পর্যায়ক্রমে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ ও ‘এমারেল্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
বাংলাদেশের কোনো চলচ্চিত্র হিসেবে হলিউডের কোনো উৎসবে এ ধরণের সম্মাননা এই প্রথম বলে দাবি করেছেন ছবিটির নির্মাতা আশরাফ শিশির।
এ পুরস্কার প্রাপ্তির ফলে গাড়িওয়ালার ঝুলিতে যোগ হয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলি’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ১৪টি আন্তর্জাতিক পুরস্কার।এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশী দেশে সবচেয়ে বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে গাড়িওয়ালা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, চিলি, ভেনিজুয়েলা, কসোভা, রাশিয়া, কেনিয়া, মেক্সিকো মোট ৫ মহাদেশের ১৮টি দেশের ৫১টি শহরে ৫১টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করে এ ছবিটি।
চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, ‘এ অর্জন আমার একার নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। আমি চেয়েছি ছবিটি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত শহরে-গ্রামে মানুষ বাংলা ভাষার এই ছবিটি দেখুক।’
রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী।
শিশুশিল্পীরা হলেন- মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।
গাড়িওয়ালা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর কারিগরী সহায়তায় ৮৬ মিনিট ব্যাপ্তির সিনেমা।

