নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তার বাবা-মা শুক্রবার মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে যান। কিন্তু পাপন তাদের সঙ্গে দেখা করেননি।
পরে মিরপুর স্টেডিয়ামের ভেতরে সাংবাদিকদের কাছে গৃহকর্মী নির্যাতন বিষয়ে কথা বলেন শাহাদাত হোসেনের বাবা কাজী মহীউদ্দিন। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মামলার বাদী সাংবাদিক মোজাম্মেল হক মামলা করার আগে তাদের কাছে এক লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।
নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘গৃহকর্মীকে নির্যাতন করা হয়নি। ওই গৃহকর্মীর বয়স অনেক কম হওয়ায় সে এই অভিযোগ করেছে।’
টাকা চাওয়ার বিষয়ে সাংবাদিক মোজাম্মেল হক বলেন, ‘তাদের অভিযোগ মিথ্যা। টাকা চাওয়ার কোনো প্রমাণ তারা দিতে পারবেন না।’ অভিযোগ করেছে, শাহাদাত হোসেন ও তার পরিবারের লোকজন তার ওপর নির্যাতন চালিয়েছে। এ নিয়ে একটি মামলা করা হয়।

