নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট বিক্রি। সকাল ৬টা থেকে আসন্ন ঈদে ঘরমুখো মানুষ অগ্রিম টিকেট সংগ্রহযুদ্ধে অংশ নিয়েছেন। চলবে রাত ৮টা পর্যন্ত ।
ঢাকা সড়ক পরিবহন সমিতি জানিয়েছে, ঢাকা থেকে সাধারণত পাঁচ হাজার দূরপাল্লর গাড়ি বিভিন্ন রুটে চলাচল করে। ঈদের কারণে সংখ্যাটা ৬ হাজারেরও বেশি হতে পারে।
এদিকে ঈদকে সামনে রেখে বিশেষ সেবা নামে গতানুগতিক সার্ভিস চালু করছে বিআরটিসি। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসির বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকেট দেয়া শুরু হবে। এবং ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি টিকেট মিলবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল প্রভৃতি বাস ডিপো থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
শুক্রবার উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০টির বেশি রুটে বাসের অগ্রিম টিকিট সংগ্রহের জন্য আজ ভোর থেকেই মানুষ রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারে ভিড় করে। টিকেট পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। টিকেট পেতে ভোগান্তি হলেও দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাস-মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকেট আজ শুক্রবার থেকেই বিক্রি শুরু হয়েছে। তবে হাতে সময় থাকার কারণে অনেকেই বাসায় ফিরে যাচ্ছেন। মাহবুবুর রহমান কল্যাণপুর হানিফ কাউন্টারে এসে দেখেন দীর্ঘ লাইন। লাইনের সিরিয়াল শেষ করে টিকেট পেতে বিকেল গড়িয়ে যাবে। এ ছাড়া হাতে সময়ও আছে তার। সে কারণেই তিনি পরে আসবেন বলে জানান। তবে তিনি অভিযোগ করে বলেন, কাউন্টারে ঢিলেমির কারণে লাইনে দাঁড়ানো মানুষের ভোগান্তি হচ্ছে।
ঢাকা সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ্ বলেন, নিয়মিতভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ৫০০ বাস এবং ঢাকার বাইরের বিভিন্ন আন্তঃজেলা রুটে চলবে ৪০০ বাস। এছাড়া ৫৫টি বাস স্ট্যান্ডবাই রাখার কথা রয়েছে। এ বছর ঘরমুখো মানুষের টিকেটের জন্য সমস্যা হবে না। সবাই টিকেট পাবেন।
এছাড়া বাংলাদেশ রেলওয়ে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবে। অপরদিকে ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসি ও ১৫ সেপ্টেম্বর থেকে লঞ্চের টিকেট বিক্রি হবে।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তাই নেয়া হচ্ছে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।
এ ব্যাপারে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার জানান, ১৬ সেপ্টেম্বর থেকে আমাদের বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মতিঝিল বাস ডিপো থেকে টিকেট বিক্রি করা হবে।
অপরদিকে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে লঞ্চের আগাম টিকিট বিক্রি বিক্রি। তবে কেবিন বুকিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সরদঘাট নৌ-বন্দরের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন। তিনি বলেন, গত ঈদের সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তায় যে সব ব্যবস্থা নেয়া হয়েছিল। এ ঈদেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

