ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় লিগে খেলতে পারবেন শাহাদাত!

Link Copied!

shahadatস্পোর্টস ডেস্ক : গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের মামলায় পলাতক রয়েছে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। তবে গৃহকর্মী নির্যাতন, এরপর মামলা, পুলিশের খোঁজা-খুঁজি, এসব কিছুতে বেশ কিছুদিন নীরব থাকার পর বুধবার থেকে শাহাদাতের বিষয়ে তৎপর হয়ে উঠেছে তার পরিবার।
তবে ডান হাতি এ পেসারের ঘটনায় কিছুই করার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল। তবে, এখন পর্যন্ত যা অবস্থা, তাতে জাতীয় লিগ খেলতেও বাধা নেই ডানহাতি এ পেসারের বলে জানান তিনি।
বুধবারের পর বৃহস্পতিবারও শাহাদাতের বাবা-মা এসেছিলেন বিসিবিতে। নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে দেখা করতে আসলেও ব্যর্থ হয়েছেন তারা। এর আগে বুধবার বাসায় দেখা করতে গিয়েও তারা সাক্ষাৎ পাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শাহাদাতের বাবা-মায়ের দাবি, তাদের ছেলে নির্দোষ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের মামলায় শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রীকে খুঁজছে পুলিশ। স্ত্রীসহ আপাতত পলাতক রয়েছেন ডানহাতি এই পেসার। মামলা হওয়ার পরদিন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন বলেছিলেন, এই ঘটনায় বিব্রত বিসিবি।
এরপর গতকাল (বুধবার) এবং আজ (বৃহস্পতিবার), টানা দুই দিন বিসিবি কার্যালয়ে এসে বোর্ডের সহায়তা চেয়েও কোন আশার আলো দেখছেন না শাহাদাতের বাবা-মা। তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে বোর্ডের অবস্থান পরিস্কার করেন বিসিবি পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল।
শাহাদাতের বিষয়ে ডিসিপ্লিনারি কমিটির প্রধান বলেন, ‘এখানে বিসিবির কিছুই করার নেই। বিসিবি তো এই বিষয়টায় জড়িতও নয়। এটা সিভিলিয়ান ব্যাপার। আইন আছে। আইনের আওতায় যা হয় সেটাই এখানে ঘটবে। কেউ তো আর আইনের উর্ধ্বে নয়।’
তবে আগামী ১৮সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলতে শাহাদাতের সামনে কোন বাধা নেই বলে জানান তিনি। এ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, ‘আমার মনে হয়, অবশ্যই খেলতে পারবে সে। কারণ ক্রিকেটে বা খেলায় তো সে এমন কোনো আচরণ করেনি, যে তাকে খেলতে বাধা দেওয়া যাবে। যেটা হয়েছে সেটা আলাদা ও তার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’
তবে মামলায় যেহেতু পুলিশ খুঁজছে শাহাদাতকে, সুতরাং, খেলতে এলে পেসারকে অনায়াসেই আটক করতে পারে পুলিশ। তখন বিসিবির অবস্থান কি হবে, সেটার ব্যখ্যাও দিলেন শেখ সোহেল। এ বিষয়ে তিনি বলেন, ‘যদ্দুর জানি, এখনও তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর কিছু একটা দেখা যাবে। আমরা দেখব, আইন কি বলে। ওয়ারেন্ট হলে বোর্ড আছে, ডিসিপ্লিন আছে, পরে এটা নিয়ে বিসিবিতে সিদ্ধান্ত নেয়া যাবে।’