স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাই পর্বে স্কটল্যান্ডে গিয়ে হারতেই বসেছিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে, শেষ পর্যন্ত কষ্টকর হলেও জয় নিয়ে ফিরতে পেরেছে জোয়াকিম লো’র শিষ্যরা। হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটিশদের ৩-২ গোলে হারিয়েছে জার্মানরা। জোড়া গোল করেছেন টমাস মুলার এবং বাকি গোলটি এসেছে ইকে গন্ডোগানের পা থেকে।
জার্মানদের জন্য এদিন সবচেয়ে সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, স্কটিশদের আক্রমণের চাপ সামলানো। এমনকি এই চাপ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। স্কটিশদের হয়ে বাকি গোলটি করেন জেমস ম্যাকআর্থার। যদিও, পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচে বল পজেশনের পরিমান জার্মানির ছিল ৭০ ভাগ আর স্কটিশদের ছিল মাত্র ৩০ ভাগ।
এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ার পথে একধাপ এগিয়ে রইল জার্মানরা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯ এবং শীর্ষেই রইল মুলাররা। ১৭ পয়েন্ট নিয়ে জার্মানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পোল্যান্ড। সোমবরা রাতে যারা জিব্রাল্টারকে হারিয়েছে ৮-১ গোলের বিশাল ব্যবধানে। আর ৩-২ গোলে হেরে যাওয়া স্কটিশদের পয়েন্ট ১১। অবস্থান চার নম্বরে। তবে, তৃতীয় দল হিসেবে প্লে-অফের সম্ভাবনা এখনও তাদের আছে। কারণ, এখনও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে স্কটিশরা।
খেলার ১৮ মিনিটে গোলের সূচনা করেন টমাস মুলার। টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে ডান পাশের একেবারে কোনা থেকে বাম পায়ের অসাধারণ শটে স্কটল্যান্ডের জালে বড় জড়ান মুলার। ১০ মিনিট যেতে না যেতেই স্কটল্যান্ডকে সমতায় ফিরিয়ে দেন জার্মানির হ্যামেলস। শন ম্যালোনির ফ্রি কিক ভেসে আসে জার্মানির পোস্ট লক্ষ্যে। গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার পাঞ্চ করে বলটি ফিরিয়ে দিতে গেলে, হ্যামেলসের কাঁধে লেগে উল্টো জড়িয়ে যায় নিজেদেরই জালে।
অবশ্য, ৬ মিনিট পরই (৩৪ মিনিটে) জার্মানিকে পূনরায় এগিয়ে দেন টমাস মুলার। দুর্দান্ত এক হেডে গোলটি করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। গোল পরিশোধের খেলা তখনও শেষ হয়নি। প্রথমার্ধেই জার্মানির এই গোলটিও শোধ করে দেয় স্বাগতিক স্কটল্যান্ড। খেলার ৪৩ মিনিটে জেমস ম্যাকআর্থারের ১৬ গজ দুর থেকে নেয়া দুরপাল্লার এক শট ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জার্মানির জালে।
তার আগেই, খেলার ৩৯ মিনিটে অবশ্য জার্মানি আরও একবার এগিয়ে যেতে পারতো। বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারিও গোৎসে গোল দিয়েছিলেনও। কিন্তু, অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর আরও একবার অফসাইডের কারণে গোৎসের গোল বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর একটু পরই শোয়েনস্টাইগারের ক্রস থেকে হেড করে গোল করেন গোৎসে। কিন্তু, লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে জানিয়ে দেন, এটাও অফসাইড।
শেষ পর্যন্ত ৫৪ মিনিটে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন ইকের গন্ডোগান। টমাস মুলারের কাট-ব্যাক পাস থেকে বল পেয়ে ১২ গজ দুর থেকে শট নেন গন্ডোগান এবং বল জড়িয়ে যায় স্কটল্যান্ডের জালে।

