স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সিতে দুই ম্যাচের পুরোটা সময়ই খেলেছেন। পর্তুগালের হয়ে ফ্রান্সের বিপক্ষে ৬৬ মিনিট খেললেও আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের পুরোটা সময়ই মাঠে থাকলেন। চার ম্যাচে মোট ৩৩৬ মিনিট, অথচ এ মৌসুমে যে গোল-খরা কাটছেই না ক্রিস্টিয়ানো রোনালদোর।
সোমবার রাতে ২০১৬-ইউরো বাছাইপর্বে আলবেনিয়ার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি পর্তুগালের সেরা তারকা রোনালদো। অবশ্য তিনি ব্যর্থতার গন্ডি থেকে বেরোতে না পারলেও তার দল জয় নিয়েই মাঠ ছেড়েছে। শেষ মুহূর্তের একমাত্র গোলে আলবেনিয়াকে হারিয়ে প্রতিশোধও নিয়েছে পর্তুগিজরা।
গত বছরের সেপ্টেম্বরে ইউরো বাছাইয়ের প্রথম লেগে নিজেদের মাঠে আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। ফলে প্রতিশোধ নিতে আলবেনিয়ার মাঠে সোমবার রাতে খেলতে নেমেছিল পর্তুগিজরা। কিন্তু উল্টো পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। প্রথমার্ধের অধিকাংশ সময় বল দখলে রেখে বেশ কিছু আক্রমণ করলেও সাফল্য পায়নি অতিথিরা।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। রোনালদো-নানি-সিলভাদের আক্রমণ বারবার ব্যর্থ করে দেন স্বাগতিকরা। এক সময় মনে হচ্ছিল, গোলশূন্য ড্রয়েই বুঝি শেষ হতে যাচ্ছে ম্যাচ। কিন্তু অতিরিক্ত সময়ে পর্তুগালের ত্রাণকর্তা হয়ে দেখা দেন মিডফিল্ডার মিগুয়েল ভেলোসো। বদলি হিসেবে মাঠে আসা কুয়ারেসমার ফ্রি-কিক থেকে হেডে অতিথিদের জয়সূচক গোলটি করেন তিনি।
এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত হয়েছে পর্তুগালের। কারণ এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১২। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে আলবেনিয়া।

