চট্টগ্রাম প্রতিনিধি : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩ শিক্ষার্থী এবং পাস করেছেন ৬৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম শিক্ষার্বোড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯ হাজার ৯৬১ জন শিক্ষার্থী ৩৫ হাজার ৩৮৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। ফলাফলে পরিবর্তন এসেছে মোট ২১৯ পরীক্ষার্থীর।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘গত ১০-১৬ আগস্ট নির্ধারিত সময়ে মোট আবেদনের সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৮৭টি এবং আবেদনকারীর সংখ্যা ৯ হাজার ৯৬১। পুনঃনিরীক্ষার পর ২১৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৬৪জন, জিপিএ পরিবর্তন হয়েছে ১৩১ জন শিক্ষার্থীর যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন এবং ফেল করা বিষয় কমেছে ২৪ জন শিক্ষার্থীর।’
২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ২১৭টি কলেজে পরীক্ষার্থীর ছিল ৮০ হাজার ৭৫৬ জন। এর মধ্যে ৮০ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৫১ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন।

