স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে ২৭তম বারের মতো নারী টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস তার বড় বোন ভেনাস উইলিয়াসমের মুখোমুখি হতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উইলিয়ামস বোনদ্বয় একে অন্যের মোকাবেলা করবেন।
শেষ ষোল’র লড়াইয়ে রোববার স্বদেশি ১৯তম বাছাই মেডিসন কিসকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। সেরেনার বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মেডিসন।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উঠার পথে সেরেনার বোন ভেনাসও কোনো রকম প্রতিরোধের মুখে পড়েননি। শেষ ষোলর লড়াইয়ে এস্তোনিয়ার অ্যানেট কনতেভিটকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করে ভেনাস।
এদিকে বেশ কয়েকটি অসাধারণ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পর প্রথম নারী টেনিস তারকা হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড-স্ল্যাম তথা এক বছরে চারটি মেজর শিরোপা জেতার রেকর্ড গড়বেন তিনি।
ইউএস ওপেনের শিরোপা জয় করতে পারলে আরেকটি রেকর্ড গড়বেন সেরেনা, আর তা হলো উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফের সমান সবচেয়ে বেশি গ্র্যান্ড-স্ল্যামের শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সব মিলিয়ে মার্গারেট কোর্ট’র সর্বাধিক ২৩টি শিরোপার রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুটি শিরোপা জয় করতে হবে সেরেনা। ইউএস ওপেনের শিরোপা জিতে নিশ্চয়ই সেই পথে আরেক ধাপ এগিয়ে যেতে চাইবেন নারী টেনিসের এই এক নম্বর তারকা।
বোন ভেনাসের বিপক্ষে খেলাটা অন্য যেকোনো ম্যাচের চাইতে আলাদা সেরানার জন্য, ‘পরবর্তী রাউন্ডে আমাকে ভেনাসের বিপক্ষে খেলতে হবে। আমাকে সর্ব প্রথম সেই চাপ মোকাবেলা করতে হবে। এটি সহজ নয়। আমাকে আসলেই দারুণ প্রস্তুতি নিয়ে নামতে হবে।’
বড় বোন হিসেবে নয়, কঠিন প্রতিপক্ষ হিসেবে সব সময় ভেনাসকে এড়াতে চান তার অনুজ সেরেনা, ‘ড্রয়ে আমি একমাত্র তাকেই প্রতিপক্ষ হিসেবে পেতে চাই না। সে আমার বোন, এজন্য নয়; বরং আমার কাছে সে-ই সেরা এজন্য আমি তার মুখোমুখি হতে চাই না। সে আমাকে বহুবার পরাজিত করেছে। ও এমন এক খেলোয়াড় যে জিততে, যে জানে কীভাবে আমাকে পরাজিত করতে হবে। আর আমার দুর্বলতা তো তার মতো কেউ-ই জানে না।’
আগের ২৬ বারের সাক্ষাতে কিছুটা এগিয়ে রয়েছেন (১৫-১১) সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ড-স্ল্যামের লড়াইয়েও ৮-৫ ব্যবধানে এগিয়ে ভেনাসের চেয়ে দুই বছরের ছোট সেরেনা। ছয়বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেরেনা ২০০১ সালে বড় বোন ভেনাসের কাছে ফাইনালে হেরে শিরোপা হারান। পরের বছর অবশ্য দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ভেনাসকে হারিয়ে মধুর প্রতিশোধ নেন তিনি।
ইউএস ওপেনের দুজনের চারবারের সাক্ষাতের ফলাফলে আপাতত সমতা রয়েছে। মঙ্গলবার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই নামবেন।
প্রসঙ্গত, চলতি বছরের উইম্বলডন ওপেনের শিরোপা জেতার পথে ভেনাস উইলিয়ামসকে পরাজিত করেন সেরেনা উইলিয়ামস।

