ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুফনের মাইলফলক ম্যাচে ইতালির জয়

Link Copied!

ITALIস্পোর্টস ডেস্ক : ১৯৯৭ সালে বিশ্বকাপের বাছাইপর্বে রাশিয়ার বিপক্ষে ম্যাচে ইতালির জার্সিতে অভিষেক হয়েছিল জিয়ানলুইজি বুফনের। বয়স ৩৭ পেরিয়ে গেলেও এখনো ইতালির গোলপোস্টের অদম্য প্রহরী হিসেবে পারফর্ম করে চলেছেন দলটির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
রোববার রাতে ২০১৬-ইউরো বাছাইপর্বে বুলগেরিয়ার বিপক্ষে প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন বুফন। আর তার মাইলফলকের ম্যাচটি জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন সতীর্থরা। বুলগেরিয়াকে একমাত্র গোলে হারিয়েছে ইতালি।
এই জয়ে বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান দখল করেছে ইতালি। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা নরওয়ের পয়েন্ট ১৬। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।
পালেরমোর রেনজো বারবেরা স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইতালি। চতুর্থ মিনিটে বুলগেরিয়ার ডিফেন্ডার ভাসেলিন মিনেভ নিজেদের ডি বক্সে ইতালির মিডফিল্ডার আন্তোনিও কানদ্রেভকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর পেনাল্টি থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন ড্যানিয়েল ডি রসি।
প্রথমার্ধের বাকি সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ইতালি। বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা। কিন্তু সাফল্য মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল ইতালি। কিন্তু ফাঁকায় দাঁড়িয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন মিডফিল্ডার মার্কো পারোলো। তার শট ঠেকিয়ে দেন বুলগেরিয়ার গোলরক্ষক।
ম্যাচের ৫৫ মিনিটে  বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ইতালির গোলদাতা ডি রসি ও বুলগেরিয়ার স্ট্রাইকার ইলিয়ান মিতসান্সকি। ম্যাচের বাকি সময়ে এক জন করে কম নিয়ে খেলে দুই দলই আর কোনো গোল করতে পারেনি। অবশ্য অতিরিক্ত সময়ে বুফন দুর্দান্ত এক সেভ করে ইতালিকে বাঁচিয়ে দেন। বুলগেরিয়ার মিলানোভের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নিজের ১৫০তম ম্যাচ খেলতে নামা বুফন। তার এই সেভ এটাই প্রমাণ করে- বয়স কোনো বড় কথা নয়, পারফরম্যান্সই আসল।