বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে সংযমের চুড়ান্তই দেখালেন অভিনেত্রী ভাবনা। ভাবনা যেন ভাবনায় একমুখী। এক চরিত্র ফুটিয়ে তুলতে গেলে অন্য চরিত্রে ভর করা হয় না তার। এতদিন অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ এর নয়নতারা তাই ভাবনার ছায়াসঙ্গী ছিল। কিংবা ভাবনাই রুপান্তরিত হয়েছিলেন নয়নতারায়। এখন নয়নতারার ভুত আর তার কাঁধে নেই। অনেকদিন ছোট পর্দায় কাজ করা হয়নি তার। তাও প্রায় দেড়বছর হতে চললো।
দেড় বছর আগে দীপংকর দীপনের ‘প্রতিদিন শনিবার’ এ যৌনপল্লীর সাচ্চা যৌনকর্মী বিজলিতে রুপান্তরিত হয়েছিলেন ভাবনা। এ নাটকে কাজ করতে গিয়ে টানা পাঁচদিন পতিতাদের সঙ্গে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসও করতে হয়েছিল তাকে। সে স্মৃতি তিনি ভোলেন কি করে!
মাঝে নয়নতারা হয়ে বড় পর্দায় মুখন্মোচনের স্বপ্নে ছোটপর্দা থেকে দূরে সরে ছিলেন। ভাবনা বললেন, ‘অনেক ভালো ভালো ক্যারেক্টার হাতে পেয়েও ছেড়ে দিয়েছি। অনেক খারাপ লেগেছে কাজগুলো করতে না পেরে। কিন্তু কিছু করার ছিলো না। ’
সম্প্রতি ভাবনা আবার ফিরলেন ছোটপর্দায়। ‘বুবনের বাসর রাত’ নামের এ নাটকটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। অনিমেষ আর ভাবনার খুব জমে উঠেছে এই বলবেন তো? সে জমুক। ফিল্মি হাওয়ায় ঘুরে দুজনেই এখন নাটকে ফিরেছেন। এটাই প্রমাণ করলেন সেদিন। নাটকটিতে বউ সেজে ভাবনা সারারাত বসেছিলেন। নিতু নামে এক মেয়ের বাসর রাতের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। এই নিতু চরিত্রেই অভিনয় করেছেন ভাবনা। এছাড়া অনিমেষের আরো একটি নাটকে কাজ করার কথা রয়েছে।
ভাবনা জানালেন, ‘আমি অভিনয় করি। একটা ক্যারেক্টার শেষ হলে আরেকটা ক্যারেক্টার করি। এতদিন শুটিংয়ের মধ্যে ছিলাম বলে নাটক করতে পারিনি। এখন নাটক করছি। খবরটি জানার পর অনেক ডিরেক্টরই আমাকে অফার করেছেন। আমি স্ক্রিপ্টগুলো দেখি ভালো লাগলে আরো দু’একটা নাটকে কাজ করতে পারি।’
বুবনের বাসর রাত নাটকে ভাবনার সঙ্গে অভিনয় করেছেন, সাজু খাদেম। ঈদে নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।

