অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হয়রানির ভয়ে অনেকেই আয়কর দেন না। আয়কর আইনে তাই সংস্কার প্রয়োজন।
রোববার সচিবালয়ের কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল ও তথ্যপ্রদানের জন্য আয়োজিত পাঁচদিনের পরামর্শ কেন্দ্রের (কর তথ্য ও সেবা কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সচিবালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সেবাকেন্দ্রের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থমন্ত্রী বলেন, ‘কর দিতে গিয়ে অনেকেই মনে করেন তিনি ঝামেলায় পড়বেন। এ ভয়ে অনেকেই আয়কর দেন না। এজন্য আয়কর আইনের সেলফ অ্যাসেসমেন্ট ধারাটি সংশোধন করে সহজ করা প্রয়োজন। জনগণ যেন না বলে এনবিআরের জ্বালাতনে কর দিতে বাধ্য হই।’
আইন করার সময় মানবিক দিকগুলো বিবেচনায় নেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
মুহিত বলেন,‘ আয়কর দেয়ার বিষয়টি সহজ হলে কর দিতে সবাই উদ্বুদ্ধ হবে। কর দাতার সংখ্যাও বাড়বে।’
এনবিআরের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ ১৬ কোটি মানুষের মধ্যে কর দেয় মাত্র ১৭ লাখ। এই সংখ্যা বৃদ্ধি করে ৩০ লাখে নিয়ে যেতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘রাজস্ব আহরণে এনবিআর দলবদ্ধভাবে কাজ করছে। এজন্য বর্তমান সরকার রাজস্ব আদায়ে সফল হচ্ছে।’
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের ২০১৫-১৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য প্রদানের লক্ষ্যে এই সেবাকেন্দ্রটি স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবাকেন্দ্রটি খোলা থাকবে। সচিবালয়ের বাইরের সরকারি অফিসের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন।

